যখন-তখন গুলি করাই যাঁর কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ক্ষমতাসীন দলের সাবেক সাংসদের ভাতিজা। চলাফেরা করেন অস্ত্র নিয়ে। মানুষকে যখন-তখন গুলি করেন। হঠাৎ ফটিকছড়ির নানুপুরের মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠা এই ব্যক্তি হলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ প্রয়াত রফিকুল আনোয়ারের ভাতিজা ফাহাদুল আনোয়ার (৩২)। সর্বশেষ গত শুক্রবার দুপুরে নানুপুরের জিলানী মসজিদের সামনে এক ব্যবসায়ীকে গুলি করতে গিয়ে গণপ্রতিরোধের মুখে পড়ে আপাতত পলাতক রয়েছেন তিনি।
পুলিশ, ভুক্তভোগীসহ স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, মধ্যপ্রাচ্যপ্রবাসী ব্যবসায়ী নুরুন্নবী রওশনের কাছে ঈদের আগে এক কোটি টাকা চাঁদা দাবি করেন ফাহাদুল আনোয়ার। চাঁদা দিতে অস্বীকৃতি জানান নুরুন্নবী। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজের আগমুহূর্তে জিলানী মসজিদের সামনে নুরুন্নবীর ওপর চড়াও হন ফাহাদুল। পিস্তল উঁচিয়ে নুরুন্নবীকে গুলি করতে উদ্যত হলে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন এবং ফাহাদুলের পিস্তলটি কেড়ে নেন। এ সময় জনরোষে পড়ে ফাহাদুল পালিয়ে যান।
হাটহাজারী অঞ্চলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, ফাহাদুল আনোয়ারের ফেলে যাওয়া একটি পিস্তল পুলিশ জব্দ করেছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তিনি গা ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
নিজামউদ্দিন আরও বলেন, ফাহাদুলের বিরুেদ্ধ অসংখ্য অভিযোগের কথা শোনা যাচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
নুরুন্নবী জানান, ঈদের আগে তাঁর পুকুরের মাছ লুটপাটের চেষ্টা চালান ফাহাদুল। একপর্যায়ে তাঁর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। তা না দেওয়ায় তাঁকে গুলি করতে উদ্যত হন ফাহাদুল।
এর আগে পঞ্চম রোজার দিন ফাহাদুল চট্টগ্রাম শহরের পাঁচলাইশে আপন চাচা ফখরুল আনোয়ারের বাড়ি লক্ষ্য করে গুলি করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘চাচার সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ফাহাদুল ফাঁকা গুলি ছোড়ে বলে আমরা শুনেছি। কিন্তু পরিবার থেকে লিখিত অভিযোগ না আসায় পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারেনি।’
ফখরুল আনোয়ার জানান, তাঁদের যৌথ মালিকানার ব্যবসার হিসাব চাওয়ায় ফাহাদুল বাসায় এসে গুলি ছুড়ে ভয় দেখান। তিনি অভিযোগ করেন, ফাহাদুলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। টাকা হাতে পেলেই অস্ত্র ও মাদক কেনেন। তাঁর কাছে বিভিন্ন ধরনের ১০-১২টি অস্ত্র আছে। পারিবারিক সম্মানের কথা চিন্তা করে এত দিন এসব গোপন রেখেছিলেন।
রমজানের আগে ফাহাদুল ফটিকছড়ির ভক্তপুরে গিয়ে তাঁদের পারিবারিক ব্যবসার পুরোনো কর্মচারী মোহাম্মদ আইয়ুবের বাড়িতে গুলিবর্ষণ করেছিলেন।
মোহাম্মদ আইয়ুব প্রথম আলোকে বলেন, ‘আমি ২৫ বছর ধরে এমপি রফিকুল আনোয়ারের কর্মচারী হিসেবে কাজ করছি। এমপি সাহেবসহ দুই ভাই মারা গেছেন। তাই মুরব্বি হিসেবে এমপির ছোট ভাই ফখরুল আনোয়ারের নির্দেশ মেনে কাজ করি। এতে তাঁর ভাতিজা ক্ষুব্ধ হন। আমার বাড়িতে গিয়ে ছয়-সাতটি গুলি করেন। আমি বাড়ির পেছন দিয়ে পালিয়ে রক্ষা পাই।’
ফটিকছড়ি উপজেলা যুবলীগের নেতা সরওয়ার হোসেন অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়ায় বছর দেড়েক আগে তাঁকে অপহরণ করে অন্যত্র নিয়ে ডান পায়ে গুলি করেন ফাহাদুল।
মাস দেড়েক আগে তুচ্ছ ঘটনায় জামালউদ্দিন নামের এলাকার একজন গাড়িচালককেও পায়ে গুলি করেন ফাহাদুল। এর কিছুদিন আগে নির্মাণসামগ্রী পরিবহন নিয়ে ফাহাদুলের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউনুসের। এরপর তিনি ইউনুসের দোকান ভাঙচুর করেন।
সর্বশেষ শুক্রবারের ঘটনার পর ফাহাদুলকে ধরার জন্য গতকাল শনিবার উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ নিরাপত্তাচৌকি বসিয়েছে। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘ফাহাদুলের কাছে আরও অস্ত্র আছে বলে শুনেছি। সে মাদকাসক্ত। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’