রাজধানীর গুলশানে প্রভাবশালী একটি পরিবারের কিশোর ছেলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রিকশাকে চাপা দিয়ে চারজনকে আহত করলেও পুলিশ তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার পরে পুলিশ ছেলেটিকে মোটরসাইকেলে বসিয়ে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। কিশোরের বাবা ব্যবসায়ী এইচ বি এম জাহিদুর রহমান।
গুলশান থানা-পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে কিশোরের পরিবার। এ কারণে ঘটনার শিকার পরিবারগুলো কোনো আইনি পদক্ষেপ নিতে চায়নি। এ নিয়ে তাদের কোনো অভিযোগ নেই এবং ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ নেবে না বলেও লিখিত দিয়েছে। পুলিশের কাছে তার কপিও রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, গত সোমবার বেলা সাড়ে তিনটা থেকে পৌনে চারটার মধ্যে গুলশান ২ নম্বরের ৭৪ নম্বর সড়ক দিয়ে খুব দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল কিশোরটি। এ সময় একজন পথচারী রাস্তা পার হচ্ছিলেন। পথচারীকে বাঁচাতে কয়েকবার বাঁয়ে-ডানে করে সড়কবাতির খুঁটি ও দুটি রিকশাকে ভেঙেচুড়ে ডান দিকের ফুটপাতে উঠে যায় গাড়িটি। ঘটনার পরপরই পুলিশ এসে লাল টি-শার্ট ও হাফপ্যান্ট পরা ওই কিশোরকে আটক করে। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পুলিশ আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে ওই কিশোরের কাছ থেকে নম্বর নিয়ে পুলিশ কর্মকর্তাদের বেশ কিছুক্ষণ মুঠোফোনে কথা বলতে দেখা যায়। পরে দুই পুলিশের মাঝখানে মোটরসাইকেলে বসিয়ে ওই কিশোরকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরে পুলিশ একটি পিকআপ ভ্যানে করে ভাঙাচোরা রিকশাগুলো ও গাড়িটা সরিয়ে নেয়। গুলশান থানার পুলিশ জানায়, ওই ঘটনায় দুই রিকশাচালক, এক রিকশাযাত্রী এবং একজন পথচারী আহত হন। দুজনকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। রিকশাচালক আবদুল হাকিম ও রিকশাযাত্রী গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রফিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইউনাইটেড হাসপাতালে যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয়, রিকশাচালক আবদুল হাকিমকে গত বুধবার চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রফিকুল ইসলাম এখনো একটি কেবিনে চিকিৎসাধীন। এর বাইরে রোগীদের ব্যক্তিগত তথ্য দিতে চায়নি তারা। যোগাযোগ করা হলে রফিকুলের স্ত্রী শাপলা ইসলাম বলেন, আহত স্বামীকে নিয়ে তিনি ব্যস্ত। এই অবস্থায় তাঁরা আইনি বিষয়ে কিছু ভাবছেন না।
গুলশান বিভাগের পুলিশ সূত্র জানায়, এ বিষয়ে মামলা না নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ ব্যক্তি ও ঢাকা মহানগর পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার নির্দেশনা ছিল। তবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের সমালোচনার কারণে পুলিশ মঙ্গলবার ওই কিশোরের বিরুদ্ধে মোটরযান আইনে একটি প্রতিবেদন (প্রসিকিউশন) দিয়ে রেখেছে। সাধারণত অধর্তব্য অপরাধের ক্ষেত্রে এ রকম প্রতিবেদন দেওয়া হয়ে থাকে।
জানতে চাইলে আইনজ্ঞ শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, এখানে দুটো বিষয় ঘটেছে। এক হচ্ছে, তার দ্বারা দুজন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দ্বিতীয়ত হলো, লাইসেন্স ছাড়া বেআইনিভাবে গাড়ি চালিয়ে ওই লোকদের এই আঘাত দেওয়া হয়েছে। দুটো মিলে কিন্তু গুরুতর ধর্তব্য অপরাধ হয়ে যায়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে নিয়মিত মামলা হওয়ার কথা।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ঘটনার পরপর পুলিশ মোটরযান আইনে ওই কিশোরের বিরুদ্ধে আদালতে একটি প্রতিবেদন (প্রসিকিউশন) দিয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।