ব্রাহ্মণবাড়িয়ায় শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নবজাতকসহ এক প্রসূতির মৃত্যুর অভিযোগের বিষয়ে সিভিল সার্জনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ওই ঘটনায় গঠিত কমিটি গতকাল রোববার প্রতিবেদন জমা দেন।
সিভিল সার্জন হাসিনা আক্তারের নির্দেশে গঠিত তিন সদস্যের ওই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই প্রসূতির অস্ত্রোপচারের সময় চিকিৎসক ও অস্ত্রোপচারকারী দল যথাযথ ব্যবস্থা নেয়নি। আর অস্ত্রোপচারকারী চিকিৎসক স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ নন।
পরিবারের লোকজন অভিযোগ করেন, গত ২২ নভেম্বর রাত আটটার দিকে শহরের কাউতলী এলাকার দি-আল ফালাহ্ মেডিকেল সেন্টারে সদর হাসপাতালের জ্যেষ্ঠ শল্য বিশেষজ্ঞ শফিকুল ইসলাম শান্তা বেগম (২০) নামের এক প্রসূতির অস্ত্রোপচার করেন। এই সময় নবজাতকের মৃত্যু হয়। আর প্রসূতির অবস্থার অবনতি হলে তাঁকে টঙ্গী ৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার উত্তর জগতসার গ্রামের মনির হোসেনের স্ত্রী।
এ ঘটনায় গত ২৪ নভেম্বর প্রথম আলোতে ‘ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই দিন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন হাসিনা আক্তার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত প্রতিবেদনে সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারকারী ও অবেদনবিদের বক্তব্য অনুযায়ী, অস্ত্রোপচারকালে শান্তা হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
তদন্ত কমিটির সভাপতি কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হুসাইন বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জনের কাছে অনুরোধ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন হাসিনা আক্তার বলেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।