যন্ত্রণায় কাতরাচ্ছেন জেসমিন

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দগ্ধ গৃহবধূ জেসমিন যন্ত্রণায় কাতরাচ্ছেন। স্বামী রবিউল ইসলাম মোড়লের বিরুদ্ধে তাঁর গায়ে আগুন লাগিয়ে হত্যাচেষ্টার মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আজ শনিবার দেখা গেল, যন্ত্রণায় কাতরাচ্ছেন জেসমিন। তার মুখের নিচে ফোসকা পড়েছে। বুকে চামড়া উঠে দগদগে ঘা বেরিয়ে পড়েছে। তিনি প্রথম আলোকে জানালেন, প্রচণ্ড যন্ত্রণায় তিনি গতকাল রাতে ঘুমাতে পারেননি। যাকে পাচ্ছেন তাঁর কাছেই জানতে চাইছেন, তিনি বাঁচবেন কি না। তিনি মরে গেলে মেয়ের কী হবে—কাঁদতে কাঁদতে সেই কথা বলছিলেন শুধু।
দগ্ধ জেসমিনের মা আকিজান বিবি বলেন, টাকা জোগাড় করতে পারেননি বলে মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পারছেন না। মেয়ের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করলেন তিনি।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আবু শাহীন বলেন, ‘মেয়েটির চিকিৎসা আমরা সাধ্যমতো দিচ্ছি। সমাজসেবা থেকে তাঁর জন্য বিনা মূল্যে ওষুধের ব্যবস্থা করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পারলে তাঁর উন্নত চিকিৎসা হতো।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জেসমিন বাদী হয়ে গতকাল শুক্রবার স্বামীসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। স্বামী রবিউল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেসমিনের অভিযোগ, প্রায় আট বছর আগে রবিউলের সঙ্গে তাঁর বিয়ে হয়। লামিয়া নামে ছয় বছরের একটি মেয়ে আছে তাঁদের। মেয়ে হওয়ার পর থেকে স্বামী তাঁকে নির্যাতন শুরু করেন। সেই সঙ্গে দফায় দফায় বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতেন। টাকা না আনলে নির্যাতন করতেন। গতকাল বাবার বাড়ি থেকে টাকা আনতে বললে তিনি রাজি না হওয়ায় একটি বেতের লাঠি দিয়ে স্বামী তাঁকে পেটান। এক পর্যায়ে মোটরসাইকেল থেকে পেট্রল বের করে তাঁর বুকে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। তিনি ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার দিলে প্রতিবেশীরা তাঁর গায়ের আগুন নেভান। এরপর এক প্রতিবেশী তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন...