যন্ত্রপাতি কেনাকাটায় 'সাগরচুরি' হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় ‘সাগরচুরি’ হয়েছে বলে মন্তব্য করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ওপর আলোচনার সময় তিনি এই মত দেন। সভায় দুর্নীতির অভিযোগ সম্পর্কে অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার সকালে জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সভায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাসরঞ্জাম কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রধান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রতিবেদন সাংসদের হাতে তুলে দেন। প্রতিবেদনে সাবেক সিভিল সার্জন ও হাসপাতালটির তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরীর বিরুদ্ধে কেনাকাটায় অনিয়মের অভিযোগ আনা হয়।

আলোচনা শেষে জিয়াউদ্দিন আহমেদ বলেন, তদন্ত প্রতিবেদন থেকে বোঝা যায়, যন্ত্রপাতি কেনাকাটায় কয়েকটি অনিয়ম হয়েছে। তৎকালীন সিভিল সার্জন (সরফরাজ খান চৌধুরী) একই সঙ্গে ক্রয়সংক্রান্ত তিনটি কমিটির প্রধান ছিলেন। এটা ক্রয়বিধির লঙ্ঘন। তিনি আরও বলেন, জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় বড় ধরনের প্রতারণা করা হয়েছে। এটি গুরুতর অভিযোগ। এ বিষয়ে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়ারসিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দুদকেও চিঠি দেওয়া হবে।

মেজবাহ উদ্দিন বলেন, কেনাকাটার জন্য গঠিত কারিগরি উপকমিটির সভায় প্রধানের (সরফরাজ খান) সই ছাড়া বাকি তিন সদস্যের সই নেই। তাহলে ওই সভার ভিত্তিতে কীভাবে যন্ত্রপাতি কেনা হলো?

তদন্ত প্রতিবেদনে ২ কোটি ৮০ লাখ টাকা দামের এমআরআই মেশিন ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকায় এবং সাড়ে ২৪ লাখ টাকার কালার ডপলার মেশিন ৬৫ লাখ টাকায় কেনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ১০ ধরনের যন্ত্রপাতি অস্বাভাবিক বেশি মূল্যে কেনা হয়েছে বলে মত দেওয়া হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসান মাহমুদ হাসনী বলেন, এটা সাগরচুরি। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, এখানে চরম দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার প্রথম আলোয় ‘১৫ হাজার টাকার যন্ত্র কেনা হলো ৯ লাখ ৩২ হাজার টাকায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম, জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।