যন্ত্রাংশের নামে ১৩ কেজি সোনা
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে জব্দ করা হয়েছে ১৩ কেজি সোনা। তবে এ সোনা বার আকারে আসেনি। এসেছে বিভিন্ন যন্ত্রাংশ হিসেবে।
ওই যাত্রীর নাম স্বপন কুমার নাথ। তাঁর বাড়ি ফটিকছড়িতে। আজ রোববার সকালে তিনি দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে চট্টগ্রামে আসেন।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার উত্তম বিশ্বাস প্রথম আলোকে বলেন, স্বপন নামের ওই যাত্রীর ব্যাগ স্ক্যান করার সময় সতর্কতাসংকেত বেজে ওঠে। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে তিনটি যন্ত্র (কার ওয়াশিং মেশিন, হেয়ার স্ট্রেইটার, রোটারি হ্যামার) পাওয়া যায়। সেগুলোয় কাস্টমস কর্মকর্তারা সোনা খুঁজে না পেয়ে স্বর্ণকারকে ডেকে নিয়ে আসেন। এরপর স্বর্ণকার বিষয়টি নিশ্চিত করেন। সোনা গলিয়ে ওই যন্ত্রগুলোর যন্ত্রাংশ বানিয়ে তার ওপর দস্তার প্রলেপ দিয়ে নিয়ে আসা হয়। এই জব্দ সোনার মূল্য সাড়ে ছয় কোটি টাকা।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।