যন্ত্রের আঘাতে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের একটি কারখানায় গতকাল বুধবার সন্ধ্যায় যন্ত্রের আঘাতে দুই শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন শফিক আলম (৩৩) ও আলাউদ্দিন (৩৫)।
শিল্পাঞ্চল থানা–পুলিশ বলেছে, সন্ধ্যায় বেগুনবাড়ীর পদ্মা পলিকটন নিট অ্যান্ড ফেব্রিকস কারখানার যন্ত্র পরিষ্কার করছিলেন প্রতিষ্ঠানটির ওই দুই শ্রমিক। এ সময় হঠাৎ যন্ত্রের সুইচে চাপ পড়ে তা চালু হয়ে যায়। এতে যন্ত্রের আঘাতে গুরুতর আহত হন এক শ্রমিক। তাঁকে বাঁচাতে গিয়ে অপর শ্রমিক আহত হন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সাড়ে আটটার দিকে শফিক ও এক ঘণ্টা পর আলাউদ্দিন মারা যান। তাঁদের সহকর্মীরা হাসপাতালে বলেন, ওয়াশিং মেশিন পরিষ্কার করা একটি সাধারণ কাজ। হয়তো এ কারণে ওই দুজন সতর্ক ছিলেন না।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশীদ বলেন, এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।