যন্ত্রের চালককে মারধর ছয় ঘণ্টা খননকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআইডব্লিউটিএর খননযন্ত্রের চালককে মারধর করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার মংলা-ঘষিয়াখালী চ্যানেলের খননকাজ ছয় ঘণ্টা বন্ধ রাখেন কর্মচারী ও শ্রমিকেরা। বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সকালে ওই চালককে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, মংলা-ঘষিয়াখালী চ্যানেলের রামপাল পুরোনো ঘাট এলাকায় সকালে বিআইডব্লিউটিএর একটি যন্ত্র খননকাজ শুরু করে। এর কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে বাবুল লোকজন নিয়ে এসে খননযন্ত্রের চালক শাহজাহানকে (৫৫) গালাগাল ও মারধর করেন। এ ঘটনার পরপরই খননকাজে নিয়োজিত নয়টি খননযন্ত্রের (ড্রেজার) মাস্টার ও বিআইডব্লিউটিএর কর্মচারীরা কাজ বন্ধ করে দেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মধ্যস্থতায় কয়েক দফা সমঝোতা বৈঠক হয়। বিকেলে রফিকুলকে পুলিশ আটক করে। এ কারণে ঘটনার ছয় ঘণ্টা পর খননকাজ আবার শুরু হয়।
রফিকুল ইসলাম জানান, স্থানীয় সাংসদের নির্দেশনা অনুযায়ী খননকাজ না করায় তিনি চালককে গালমন্দ করেছেন। তবে মারধরের ঘটনা ঘটেনি।
পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়।