যবিপ্রবিতে চাকরি ফিরে পেয়ে আবার হামলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক, রেজিস্ট্রার ও কর্মচারীদের বিভিন্ন সময় মারধর করে চাকরি খুইয়েছিলেন বদিউজ্জামান বাদল নামের এক কর্মচারী। কয়েক বছর পর উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পেয়েছেন। গত মাসে কাজে যোগও দেন। কিন্তু আবারও তাঁর সেই রূপ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে তিনি আচমকা কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসানের দাপ্তরিক কক্ষে গিয়ে তাঁকে লাঞ্ছিত ও জিনিসপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে কামরুল হাসান নিজের অফিসকক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী বদিউজ্জামান, সেকশন অফিসার ইকবাল হোসেন ও শাহিন হোসেনের নেতৃত্বে কয়েকজন সেখানে গিয়ে অতর্কিত ভাঙচুর চালান। এ সময় তাঁরা কামরুলের কক্ষে থাকা দাপ্তরিক কম্পিউটার, প্রিন্টার ও আসবাব ভাঙচুর করেন। কামরুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ার তুলে মারতে উদ্ধত হন কর্মচারী বদিউজ্জামান। তাৎক্ষণিকভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন যশোরের পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানির নেতৃত্বে একদল পুলিশ ক্যাম্পাসে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি বলেন, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী বদিউজ্জামান এর আগে কয়েক দফায় শিক্ষক ও রেজিস্ট্রারকে মারধর করেছেন। যে কারণে বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে তিনি আবার চাকরি ফিরে পান। বিশ্ববিদ্যালয়ের পাশেই তাঁর বাড়ি। তিনি ক্যাম্পাসে নিজের আধিপত্য বিস্তার করতে চান। এ জন্য কর্মকর্তা কামরুলের ওপরে তিনি হামলা করেছেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে কেউ মামলা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী সমিতির সঙ্গে আমার বৈঠক ছিল। ওই বৈঠক শেষে কর্মকর্তা কামরুল নিজের কক্ষে বসে কাজ করছিলেন। তখন কর্মচারী বদিউজ্জামানসহ কয়েকজন তাঁর কক্ষে গিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। একজন কর্মচারী কোনো কর্মকর্তার কক্ষে গিয়ে অসম্মানজনক আচরণ করাটা বড় ধরনের অপরাধ। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্যের কক্ষের পাশেই এই ঘটনা ঘটেছে। ফলে এ ঘটনার সঙ্গে উপাচার্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন জড়িত।’
বদিউজ্জামান বাদল বলেন, উপাচার্যের সঙ্গে তাঁদের কর্মচারী সমিতির বৈঠক ছিল। বৈঠকে কী সিদ্ধান্ত হলো তা জানতে কামরুল হাসানের কক্ষে যাই। এ সময় তিনি খারাপ আচরণ করলে কথা–কাটাকাটি হয়। তবে বাদল ভাঙচুর ও লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন।