যমুনা থেকে অবৈধভাবে বালু তুলছেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যমুনা নদী ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকা থেকে ড্রেজার (খননযন্ত্র) দিয়ে আওয়ামী লীগের এক নেতা অবৈধভাবে বালু উত্তোলন করছেন। স্থানীয়রা প্রতিবাদ করায় তাঁদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, পাউবোর অর্থে উপজেলার যমুনা নদীর ভাঙন রোধের জন্য প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। বগুড়ার সারিয়াকান্দি ইউনিয়ন থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পর্যন্ত প্রকল্পটি চারটি ভাগে ভাগ করে বগুড়ার চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। এ অবস্থাতেই কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম এক মাস ধরে ধুনট উপজেলার যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, দুটি ড্রেজার মেশিন দিয়ে প্রকল্প এলাকা থেকে বালু উত্তোলন করে বাল্কহেড দিয়ে বহন করে নদীর তীরে নামানো হচ্ছে। এর ফলে তীর সংরক্ষণ এলাকায় বোল্ডার ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবাদ করায় স্থানীয় লোকজনকে মারধরসহ চাঁদাবাজির মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পুকুরিয়া গ্রামের হজরত আলী অভিযোগ করেন, এ সময় নদী থেকে বালু উত্তোলনের ফলে বর্ষাকালে তীর সংরক্ষণ প্রকল্প ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হবে। বালু উত্তোলনকারী আওয়ামী লীগের নেতা হওয়ায় হুমকি দিচ্ছেন। একই গ্রামের শুকুর মাহমুদ বলেন, ‘আমাদের এলাকার ক্ষতি করে ওই নেতা বালু উত্তোলন করছেন। আমরা বলতে গেলে মামলা-মোকদ্দমায় জড়ানোর ভয় দেখান।’
মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, যমুনা নদী থেকে বালু উত্তোলন করে তীর সংরক্ষণ প্রকল্পের কাজের জন্য ঠিকাদারের কাছে বিক্রি করা হয়। এতে প্রকল্পের কোনো ক্ষতি হবে না।
এ সময় তিনি হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই বালু উত্তোলনের জন্য অনেকে আমার কাছে টাকা দাবি করছে। টাকা দিতে অস্বীকার করায় স্থানীয় লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’
বগুড়া পাউবোর সহকারী প্রকৌশলী (এসও) আবদুর রশিদ বলেন, তীর সংরক্ষণ এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হলে প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে সেখান থেকে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এ বিষয়ে জরুরিভাবে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, ওই জায়গায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কোনো অনুমতি নেই। খোঁজ নিয়ে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।