যমুনা থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে আওয়ামী লীগের সাবেক নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার অভিযোগ পাওয়া গেছে। বালু উত্তোলনের ফলে নদীর তীর সংরক্ষণ প্রকল্প, বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ জনবসতি ও আবাদি জমি ভাঙনের হুমকিতে পড়েছে।
গত বুধবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, ভূতবাড়ী গ্রামে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। প্রকল্প এলাকায় মাঝনদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। ওই বালু বাল্কহেড দিয়ে পরিবহন করে তীরে নিয়ে আসা হচ্ছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রায় ১৫ দিন ধরে এভাবে বালু তুলে বিক্রি করছেন। এতে নদীর তীর সংরক্ষণ প্রকল্প, বন্যানিয়ন্ত্রণ বাঁধ, আবাদি জমি ও বাড়িঘর ভাঙনের হুমকিতে পড়েছে।
আবদুস সালাম বলেন, ‘নদীর চর থেকে বালু তুলে এনে প্রকল্প এলাকায় রেখে পুকুর ভরাট করছি। সেখানে এক ব্যক্তির বাড়ি নির্মাণের জন্য এ বালু সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে কারও অনুমতি নেওয়া হয়নি এবং এতে ভাঙনের আশঙ্কা নেই।’
ভূতবাড়ী গ্রামের আবদুল মজিদ বলেন, ‘সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নেতা আইসা ধুনট এলাকার যমুনা নদী থেকে বালু তুলছে। এতে আমাইগরে বাড়িঘর, বসতভিটা হাইরা যাবে। নেতার বিরুদ্ধে কথা কওন যায় না।’
একই গ্রামের শাহআলী বলেন, এর আগেও এই আওয়ামী লীগ নেতা এখানে বালু তুলেন। তখন প্রশাসনের কাছে অভিযোগ করা হলে সরকারি লোকজন এসে কাজ বন্ধ করে দেয়। এখন উনি আবার বালু তুলছেন।
১০ থেকে ১২ জন স্থানীয় ব্যক্তি বলেন, এখন নদীর পানি কমে গেছে। এ কারণে ক্ষতির ভয়াবহতা বোঝা যাবে না। বর্ষায় নদীর পানি বাড়ার সঙ্গে প্রবল স্রোতে ভাঙন ভয়াবহ আকার ধারণ করবে। তখন নদীর তীর সংরক্ষণ প্রকল্প ও বাঁধ ভেঙে বাড়িঘর ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
ইউএনও হাফিজুর রহমান বলেন, নদী থেকে এভাবে বালু উত্তোলনের অনুমতি নেই। এর আগে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বালু তোলা বন্ধ করা হয়েছিল। আবারও বালু উত্তোলন করার বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।