যমুনা থেকে অবৈধভাবে বালু তোলায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীর ডাঙ্গিসারা এলাকায় অবৈধভাবে বালু ও মাটি কেটে নেওয়ায় সানাউল হক নামের এক ব্যক্তিকে ৫০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালুমহাল ইজারা নেওয়ার কথা বলে ছোট যমুনা নদীর ডাঙ্গিসারা মৌজায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। এতে ওই এলাকার উঁচু জমি ধসে যাচ্ছিল। গ্রামবাসীরা সেখান থেকে বালু ও মাটি কাটতে বাধা দিয়েছিলেন। কিন্তু বালু ব্যবসায়ী গায়ের জোরে সেখান থেকে বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন। গ্রামবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আজ শনিবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু তোলায় ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সানাউল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।