যমুনা নদীতে বস্তাবন্দী তিন লাশের পরিচয় মিলেছে
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় যমুনা নদী থেকে উদ্ধার করা বস্তাবন্দী শিশুসহ তিন লাশের পরিচয় পাওয়া গেছে। গণমাধ্যমে খবর প্রচারের পর আজ মঙ্গলবার পরিবারের সদস্যরা তাঁদের পরিচয় নিশ্চিত করেন।
নিহত তিনজন হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের ব্যবসায়ী বাদল মণ্ডলের স্ত্রী নাসরিন মণ্ডল (৩০), একই এলাকার হাদিকুলের স্ত্রী মেহেরুন আক্তার (৪৮) ও তাঁর পালিত নাতি জাইমতি (৪)। এঁদের মধ্যে মেহেরুন ও নাসরিন চাচি-ভাতিজি সম্পর্ক। গত রোববার জাইমতিকে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তাঁরা নিখোঁজ হন। এর এক দিন পর গতকাল সোমবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এনায়েতপুর থানায় যমুনা নদী থেকে তাঁদের তিনজনের লাশ উদ্ধার করা হয়।
লাশ নিতে এসে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সফিকুল ইসলাম ও বাদল মণ্ডলের ভগ্নিপতি মনিরুজ্জামান জানান, গত রোববার বেলা ১১টার দিকে জাইমতিকে ডাক্তার দেখানোর কথা বলে নাসরিন ও মেহেরুন বাড়ি থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হন। ওই দিন বেলা দুইটার দিকে নাসরিনের সঙ্গে তাঁর স্বামী বাদল মণ্ডলের সর্বশেষ কথা হয়। বিকেল পাঁচটার দিকে তাঁরা বাড়ি না ফেরায় মুঠোফোনে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের লোকজন তাঁদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সোমবার দুপুরে যমুনা নদী থেকে দুই নারী ও এক শিশুর মৃতদেহ উদ্ধারের খবর গণমাধ্যমে দেখে পরিবারের সদস্যরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে এসে লাশ তিনটি শনাক্ত করেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে যমুনা নদীতে দুটি বস্তা ভেসে আসতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে বস্তা দুটি উদ্ধার করে। বস্তা খুলে একটির ভেতর এক শিশু ও এক নারী এবং অপর বস্তায় আরেক নারীর মৃতদেহ পাওয়া যায়। তিনটি লাশের গলা রশি দিয়ে প্যাঁচানো ছিল।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, তাঁদের শ্বাসরোধে হত্যা করার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহগুলোর ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে তিনি জানান।