যমুনা সার কারখানার গাড়ি চালককে দুর্বৃত্তদের পিটুনি
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের গাড়িচালক জহুরুল হক (৫২) দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গতকাল শুক্রবার কারখানার আবাসিক কলোনির ফটকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে গতকাল সকাল ১০টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অবস্থিত যমুনা সার কারখানার আবাসিক কলোনির ফটকের সামনে পৌঁছান জহুরুল হক। এ সময় সাত-আটজনের একটি দল সড়কটি অবরোধ করে। এরপর দুর্বৃত্তরা তাঁকে লোহার রড দিয়ে পিটুনি শুরু করে। মোটরসাইকেলটিও ভাঙচুর করে। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জহুরুল হক উপজেলা শ্রমিক লীগের কার্যকরী কমিটির সদস্য। হাসপাতালে চিকিৎসাধীন জহুরুল বলেন, ‘কারখানার আবাসিক কলোনির ফটকের সামনে পৌঁছানোর পর দুর্বৃত্তরা রড দিয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়ি। হামলাকারীদের আগে কখনো দেখিনি।’ এ ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, জামায়াত-বিএনপির লোকজন শ্রমিক লীগের সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করেছেন।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক (তদন্ত) শহীদুল হক বলেন, জহুরুল হককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে খবর পেয়েছি।