যমুনা সেতু কর্তৃপক্ষের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন
যমুনা সেতু কর্তৃপক্ষের সাবেক অর্থ পরিচালক, সাবেক নির্বাহী প্রকৌশলী ও পরামর্শক প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা ব্যক্তিরা হলেন যমুনা সেতু কর্তৃপক্ষের সাবেক অর্থ পরিচালক মো. সিরাজুল ইসলাম, সাবেক নির্বাহী প্রকৌশলী (সড়ক সেতু) মো. ইকবাল হোসেন, সাবেক পরামর্শক প্রকৌশলী (বর্তমানে মিডওয়ে কনসালটেন্ট সার্ভিস ইউকে লিমিটেডে কাজ করেন) মো. ইফতেখার আহমেদ খান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপক মো. আবদুল হাকিম।
দুদক সূত্র জানায়,২০০৩ সালে আসামিরা পরস্পর যোগসাজশে হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডকে বোর্ডের অনুমোদন ছাড়াই পাঁচ লাখ ২৯ হাজার মার্কিন ডলার ছাড় করেন। এ অভিযোগে ২০০৮ সালের ২৭ জুলাই যমুনা সেতু পূর্ব থানায় মামলা করা হয়।
দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ মামলাটির তদন্ত করেন।
ঘুষ নেওয়ার অভিযোগে মামলার অনুমোদন: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাইদের বিরুদ্ধে মামলা করার অনুমোদ দিয়েছে দুদক। আজ সোমবার এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, রূপসী বাংলা এয়ারলাইনস নামক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেনের কাছ থেকে ৭৮ হাজার ১২০ টাকা ঘুষ নেন বলে দুদকে অভিযোগ আসে। বিষয়টির অনুসন্ধান করেন উপরিচালক মো. নাসির উদ্দিন।
অনুসন্ধান শেষে তিনি মামলা করার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়।