যমুনায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরের নাটুয়ারপাড়া এলাকায় যমুনা নদীতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের এলোপাতাড়ি মারপিটে দুই নারী যাত্রী ও নৌকার মাঝি আরিফ হোসেন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। আরিফকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরিফ হোসেন জানান, মেঘাই ঘাট থেকে পাঁচজন নারী যাত্রী নিয়ে ভোর সাড়ে ছয়টায় নাটুয়ারপাড়া ঘাটের উদ্দেশে ইঞ্জিনচালিত নৌকায় রওনা হন তিনি। নৌকাটি যমুনার নাটুয়ারপাড়া ঘাটের পশ্চিম চরে পৌঁছামাত্র আট সদস্যের ডাকাতদল হামলা করে। ডাকাতেরা টাকা ও মালামাল লুট করে ইঞ্জিনের হ্যান্ডেল নিয়ে নৌকাটি নদীর মধ্যে ভাসিয়ে দেন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁদের উদ্ধার করেন। তবে কাজীপুর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ডাকাতি নয়, দুই নৌকার মধ্যে ধাক্কাধাক্কি লাগায় মারামারি হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।