মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য ব্যালট পেপার। পাশে পড়ে আছে ব্যালট বাক্স। কেন্দ্রের ভেতরে-বাইরে গুমোট পরিবেশ। প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোট গ্রহণকারী কর্মকর্তারা হন্তদন্ত হয়ে মুঠোফোনে কথা বলে যাচ্ছেন। কেউ কেউ বলছেন, ‘অসংখ্য ব্যালট পেপার ছিনতাই হয়ে গেছে। ভোট নেওয়া ঠিক হবে না।’ অন্যরা বলছেন, ‘এভাবেই আবার ভোট গ্রহণ শুরু করে দেওয়া হোক, নইলে পরে হয়রানি হতে হবে।’
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনার চরে অবস্থিত কাওয়াকোলা ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের চিত্র এটি। বেলা পৌনে ১১টায় বড় কয়রা কমিউনিটি ক্লিনিকে স্থাপিত ওই কেন্দ্রে গিয়ে এই চিত্র দেখা গেল।
দায়িত্বরত একাধিক পুলিশ সদস্য, ভোট গ্রহণকারী কর্মকর্তা ও কেন্দ্রের বাইরে থাকা কয়েকজন ভোটার জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল আলীম ভূঁইয়ার নেতৃত্বে সোয়া ১০টার দিকে কিছু লোক এসে কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকেন। এ সময় তাঁর সঙ্গে এক সদস্য প্রার্থীও ছিলেন। এ নিয়ে প্রতিপক্ষরা আপত্তি জানালে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে আবদুল আলীম ভূঁইয়ার লোকজন ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে চলে যান। এ পরিস্থিতিতে মারামারির উপক্রম হলে পুলিশ সদস্যরা নয়টি ফাঁকা গুলি ছোড়েন। খবর পেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। আটক করা হয় তিন যুবককে। ঘণ্টা খানেক আলোচনার পর কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
ওই কেন্দ্রে থেকে বেশ খানিক পথ পেরিয়ে হাট বয়রা ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোট গ্রহণ বন্ধ। ফিসফিস করে একজন বললেন, ‘জাল ভোট পড়ছিল, এ জন্যই বন্ধ।’
সেখানে আওয়ামী লীগ প্রার্থী আবদুল আলীমকে দলবল নিয়ে কেন্দ্রের ভেতরে-বাইরে ঘুরতে দেখা গেল। কয়েকজন জানালেন, কিছুক্ষণ আগে আবদুল আলীম তাঁর পক্ষে জাল ভোট দিতে উৎসাহ দিচ্ছিলেন। একজন পুলিশ সদস্য এসে বললেন, একাধিক প্রার্থী জাল ভোট দিতে চাইছিলেন। এ জন্য ভোট কয়েক মিনিট বন্ধ রাখা হয়েছে।
কেন্দ্রের বাইরে এলে আবদুল আলীম নিজ থেকে এসে বলতে লাগলেন, বড় কয়রা কমিউনিটি ক্লিনিকে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় তাঁকে নিয়ে ‘অতিরিক্ত কথা’ হচ্ছে। বরং সেখানে গিয়ে তিনি দেখতে পান, দুই সদস্য প্রার্থীর মধ্যে সমস্যা হয়েছে। তিনি কিছু করেননি।
চরের কয়েকজন ভোটার বলেন, আবদুল আলীম নিজে বিভিন্ন কেন্দ্রে গিয়ে জোর করে ভোট দেওয়ার চেষ্টা করেছেন। সকালে কৈগাড়ী দোরতা ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে গিয়ে তিনি হুমকিধমকিও দিয়েছেন।
আরেকটি ইউনিয়ন মেছড়ার কয়েকটি কেন্দ্রে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে জোর করে ভোট দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম।
সদর উপজেলার নয়টি ইউনিয়নে গতকাল ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে আটটিতে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। বেশ কিছু কেন্দ্রে জাল ভোট, মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের গুলিবর্ষণের ঘটনা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন।
তবে অনেক কেন্দ্রেই প্রশাসনিক তৎপরতা দেখা গেছে। ফলে সেসব কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে। রাজনৈতিক সূত্রগুলো বলেছে, পার্শ্ববর্তী উপজেলার একজন বড় আওয়ামী লীগ নেতার সঙ্গে জেলা সদরের এক নেতার দ্বন্দ্বের কারণেই প্রশাসন তৎপর ছিল। কারণ, পার্শ্ববর্তী উপজেলার ওই বড় নেতা প্রশাসনকে বলে দিয়েছেন, ভোট যেন সুষ্ঠু হয়। এর কারণ, সদর উপজেলার অধিকাংশ দলীয় চেয়ারম্যান প্রার্থী তাঁর লোক নন।
গোলযোগ-গুলি: প্রশাসন তৎপর থাকলেও অনেক কেন্দ্রে গোলযোগের ঘটনা ঘটেছে। ছোনগাছা ইউনিয়নের শিমলা অছিতননেছা ইবতেদায়ি মাদ্রাসার কেন্দ্রে দুপুরে দুই সদস্য প্রার্থীর এজেন্টের মধ্যে মারামারির সময় ককটেল ফাটানো হয়। ছিনতাই হয় কিছু ব্যালট পেপার ও ব্যালট পেপারের মুড়ি। গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির সময় পুলিশ গুলি ছুড়লে পাঁচজন আহত হন। একই ইউনিয়নের পাঁচ ঠাকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং পার্শ্ববর্তী খোকসাবাড়ি ইউনিয়নের পূর্ব দিয়াড়পাচিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশ গুলি করে ব্যালট পেপার ছিনতাই ঠেকায়। একই কারণে ডুমুর গোলামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের গুলিতে পাঁচজন আহত হন। খোকসাবাড়ি ইউনিয়নের নিস্তারিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে গুলি ছুড়তে হয়েছে।
বাগবাটী ইউনিয়নের চকফুলকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, এখানে সব প্রার্থীর এজেন্ট থাকলেও বিএনপির প্রার্থীর এজেন্ট নেই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলী বিকেলে সংবাদ সম্মেলন করে ছোনগাছা, মেছড়া, বাগবাটি ও খোকসাবাড়ি ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
সার্বিক বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। তবে তাঁরাও নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন।