যমুনার দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনবিআরের মামলা
৪৮ কোটি টাকা রাজস্ব জালিয়াতির অভিযোগে যমুনা গ্রুপের এমকাবা লিমিটেড ও যারা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় এ মামলা করেন।
এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, ১৯৬৯ সালের কাস্টমস আইন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এ মামলা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যমুনা গ্রুপের সহযোগী বন্ডেড প্রতিষ্ঠান এমকাবা লিমিটেড ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটে কমার্স ব্যাংকের নামে ৩৯ লাখ ৯৩ হাজার ৫১ ডলারের (প্রায় ৩১ কোটি ৫৪ লাখ টাকা) জাল প্রসেসড রিয়েলাইজেশন সার্টিফিকেট (পিআরসি) দাখিল করে। পরে তা যাচাইকালে কমার্স ব্যাংক ওই পিআরসি সম্পর্কে ভুয়া জালিয়াতির বিষয়টি লিখিতভাবে অবহিত করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৪ সালের ১২ ডিসেম্বর রপ্তানির প্রমাণ হিসেবে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নামে ২০ লাখ ৯৫ হাজার ১৩৬ মার্কিন ডলারের (১৬ কোটি ৫৫ লাখ টাকা) একটি পিআরসি দাখিল করে। এটাও পরে ভুয়া প্রমাণিত হয়।
এর আগে গত ৯ ডিসেম্বর যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ও যুগান্তর-এর সাংবাদিক হেলাল উদ্দিনের বিরুদ্ধে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এনবিআরের দ্বিতীয় সচিব এ এইচ এম আবদুল করিম।