যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে এক কিশোর
পুলিশের চোখকে ফাঁকি দিয়ে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে শিপন (১৫) নামের এক কিশোর পালিয়ে গেছে। গতকাল রোববার দুপুর পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
শিপনের বাড়ি পাবনা সদর উপজেলার শালগাড়িয়া গ্রামে। চুরির একটি মামলায় গত বছর মে মাসে পাবনার একটি আদালতের মাধ্যমে সে এ কেন্দ্রে আসে। ঘটনাটি তদন্তের জন্য কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক আবুল বাসার শেখকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক সাহাবুদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, শিপন কেন্দ্রের দর্শনার্থীকক্ষের ছাদে উঠে কার্নিশ বেয়ে নিচে নেমে পালিয়ে গেছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ও যে আদালতের মাধ্যমে ওই কিশোরকে পাঠানো হয়েছে, সেই আদালতসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কেন্দ্রে পুলিশের আটজন সদস্যের একটি দল সার্বক্ষণিক পাহারায় থাকা সত্ত্বেও সে পালিয়ে যায়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের কর্তৃপক্ষের। কেন্দ্রে যাতে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড না হতে পারে, আমরা শুধু সেই নিরাপত্তা নিশ্চিত করি।’