যশোর থেকে স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকা থেকে শাকিবুজ্জামান মুন্না (১৪) নামে দশম শ্রেণির এক মেধাবী ছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারের দাবিতে গতকাল মঙ্গলবার যশোর শহরের পালবাড়ী মোড়ে মানববন্ধন করা হয়।
বেলা সাড়ে ১১টা থেকে আধা ঘণ্টার মানববন্ধনে খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও স্বজনেরা অংশ নেন। পরে মুন্নাকে উদ্ধারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মুন্না খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। সে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আসাদুজ্জামানের ছেলে।
মুন্নার মামা জুয়েল পারভেজ প্রথম আলোকে বলেন, ৩০ আগস্ট বিকেলে মুন্না কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরে। পোশাক পাল্টে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার মুঠোফোন বন্ধ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, ‘ছেলেটির ব্যবহৃত মুঠোফোন ট্যাকিং করে জানতে পেরেছি, সে বর্তমানে চট্টগ্রামের হালিশহরে অবস্থান করছে। তথ্যটি ওই এলাকার পুলিশের কাছে পাঠানো হয়েছে। অভিভাবকদেরও সেখানে পাঠানো হয়েছে।’