যশোর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
‘গুলি চালিয়ে আর কোনো বাংলাদেশিকে হত্যা করবে না’ বলে বিজিবিকে বারবার কথা দিয়েও তা রাখছে না বিএসএফ। গতকাল রোববার যশোরের শার্শা উপজেলার সীমান্তে আরও এক বাংলাদেশি যুবককে হত্যা করা হলো। অগ্রভুলোট সীমান্তে হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম আবু সাঈদ (১৮)। যদিও বিএসএফ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
গত ১১ এপ্রিল বেনাপোল বিওপি ক্যাম্পে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে সীমান্তে হত্যার জন্য দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই দিন ভোরে শার্শা উপজেলার দৌলতপুর সীমান্তে বাংলাদেশি দুই যুবককে গুলি করে হত্যা করেছিল বিএসএফ।
নিহত আবু সাঈদ শার্শা উপজেলার রামপুরা গ্রামের জামাত আলীর ছেলে। ১১ এপ্রিলের ঘটনারও তিন মাস আগে পুটখালী সীমান্তের ইছামতী নদী থেকে বাংলাদেশি এক ব্যক্তির লাশ উদ্ধার করে বিজিবি। ওই ব্যক্তিকে রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে গুরুতর আহত করেছিলেন বিএসএফের সদস্যরা। ওই অবস্থায় দৌড়ে পালাতে গিয়ে নদীতে পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই এক পতাকা বৈঠকে ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে তখনো দুঃখ প্রকাশ করেছিল বিএসএফ। সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না বলে যথারীতি বিজিবিকে আশ্বস্তও করেছিল। কিন্তু বিএসএফ কোনো প্রতিশ্রুতিই রাখেনি।
বিএসএফের অঙ্গীকার রক্ষা না করার এই মানসিকতার ব্যাপারে জানতে চাইলে বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটলে আমরা প্রতিবাদ জানাই। বিএসএফ দুঃখ প্রকাশ করে। আর এ ধরনের হত্যাকাণ্ড ঘটবে না বলে তারা অঙ্গীকার করে। কিন্তু তারা কখনোই তাদের অঙ্গীকার রক্ষা করে না। আমরা তাদের গুলি চালাতে নিষেধ করেছি। বলেছি, আটক ব্যক্তিদের আমাদের কাছে হস্তান্তর করেন। কিন্তু সেটাও তারা শোনে না।’
আবদুর রহিম জানান, আবু সাঈদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে গতকাল সন্ধ্যায় অগ্রভুলোট সীমান্তের শূন্যরেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ গুলি চালানোর কথা সরাসরি অস্বীকার করেছে। আজ (সোমবার) আবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে আবু সাঈদসহ পাঁচ-ছয়জন পাঁচভুলোট সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান। ফেরার সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আবু সাঈদ গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় সঙ্গীরা তাঁকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনেন। পথে মারা গেলে সঙ্গীরা সাঈদের লাশ পার্শ্ববর্তী রাজগঞ্জ গ্রামের লাল্টুর বাড়ির সামনে রেখে আত্মগোপন করেন। সকালে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশ ও বিজিবিকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।