যশোরে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান ওরফে খোকনকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত নয়টার দিকে শহরের শেখহাটি জামরুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন সদর উপজেলার সুলতানপুর গ্রামের মসলেম উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে খোকন ও স্থানীয় জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি একসঙ্গে শহর থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। জামরুলতলা এলাকার মোল্লা চালকলের পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে পেছন থেকে গিয়ে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে একটি গুলি খোকনের শরীরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে বলেন, কী কারণে হত্যা করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।