যশোরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরখালী বাজারে আজ শনিবার সবুজ হোসেন (১৭) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সবুজ যশোরের ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিল।

নিহতের পরিবার জানায়, আজ বেলা আড়াইটার দিকে সবুজ বাড়ি থেকে স্থানীয় ডুমুরখালী বাজারে যায়। বাজারে এক দোকানে বসে ছিল সে। এ সময় জসিম নামের এক যুবক সবুজের ওপর অতর্কিত হামলা করে। ওই যুবক দা দিয়ে সবুজের ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন আহত অবস্থায় সবুজকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সন্ধ্যার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সবুজের ভাই রাকিব হোসেন সাংবাদিকদের বলেন, পূর্বশত্রুতার জেরে সবুজকে হত্যা করা হয়েছে।
মনিরামপুর থানার পরিদর্শক লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, ‘নিহত সবুজ ও হামলাকারী জসীম পরস্পর বন্ধু। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটে। জসিম পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।