যশোরে কারারক্ষীকে ছুরিকাঘাত
যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সিরাজুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে কারাগারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজুল যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।
কারাগার সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের দায়িত্ব শেষে সিরাজুল হেঁটে বাসায় ফিরছিলেন। কারাগারসংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। কথা-কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর ডান পায়ের ঊরুতে ছুরি মেরে পালিয়ে যায়।
যশোর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মহিউদ্দীন হায়দার সাংবাদিকদের বলেন, কী কারণে সিরাজুলকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। খবর নিয়ে দেখছি।