যশোরে কিশোর খুন, দুজন জখম
যশোর শহরের কারবালা মসজিদসংলগ্ন এলাকায় রায়হান (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই কিশোরের দুই বন্ধুও দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম হয়েছে। তাদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরজন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত রায়হান শহরের খালধার সড়কের গোলাম রাব্বানির ছেলে। আহত দুজন হলো, শহরের মোল্লাপাড়ার লিটন হোসেনের ছেলে অমিত (১৭) ও ঘোপ সেন্ট্রাল রোডের মনিরুজ্জামানের ছেলে টিটো সুলতান (১৮)। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোরকে আটক করা হয়েছে। ওই কিশোরের নাম মোস্তাফিজুর রহমান (১৭)। সে শহরের খড়কি এলাকায় তার বোনের বাড়িতে থেকে শহরের একটি কলেজে উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে লেখাপড়া করে। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শবে বরাতের রাতে কারবালা কবরস্থান মসজিদে কয়েকটি এলাকার মানুষ নামাজ আদায় করতে যান। কবরস্থানের পাশে রায়হান ও তার কয়েক বন্ধুর সঙ্গে স্থানীয় কিশোরদের কথা-কাটাকাটি হয়।