যশোরে কৃষককে ট্রাকের নিচে ফেলে হত্যা?
যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে শরিফুল ইসলাম নামের এক কৃষককে মারধরের পর ট্রাকের নিচে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শরিফুল সিরাজসিংহা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শরিফুলের বড় ভাই রেজাউল ইসলাম বলেন, তাঁদের বাড়ির সামনের রাস্তা দিয়ে ইটভাটার মাটির ট্রাক নিয়মিত যাতায়াত করে। ট্রাক চলার সময় প্রচুর ধুলা ওড়ে। এতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ধুলা যাতে না ওড়ে সে জন্য রাস্তায় পানি ছিটিয়ে ট্রাক চালানোর জন্য গতকাল সকালে চালক ও শ্রমিকদের অনুরোধ করেছিলেন শরিফুল (২৫)। তবে ট্রাকের চালক ও শ্রমিকেরা তা শোনেননি। এরপর বেলা ১১টার দিকে শরিফুল রাস্তায় কাঠের একটি গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় ইটভাটায় মাটি দেওয়ার ঠিকাদার সিরাজসিংহা গ্রামের মো. হাসান আলী ঘটনাস্থলে গিয়ে শরিফুলকে মারধর করে রাস্তায় ফেলে দেন। একপর্যায়ে তাঁর ওপর দিয়ে ট্রাক উঠিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই শরিফুল নিহত হন।
হাসান সিরাজসিংহা গ্রামের প্রাইজ ব্রিকস নামের একটি ইটভাটায় মাটি সরবরাহ করেন। ঘটনার পর থেকে হাসান ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। হাসানের মুঠোফোনে যোগাযোগ করলে সেটিও বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জেনেছি, রাস্তায় পানি ছিটিয়ে মাটির ট্রাক নেওয়ার বিষয় নিয়ে হাসানের সঙ্গে শরিফুলের বাগ্বিতণ্ডা হয়েছে। তবে শরিফুলকে ট্রাকের নিচে ফেলে হত্যার যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক না। শরিফুল নিজেই ট্রাকের নিচে চাপা পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।’
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, যে ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটি আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। হাসানের বিরুদ্ধে হত্যাকাণ্ডের যে অভিযোগ করা হচ্ছে, সেটা লিখিতভাবে দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।