যশোরে কোকেন ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
যশোরের বেনাপোল স্থলবন্দরসংলগ্ন দীঘিরপাড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫৫ গ্রাম কোকেন ও ১ হাজার ১৫০টি ইয়াবা বড়িসহ শাহজালাল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) একটি দল গতকাল সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করে। শাহজালাল ওই এলাকার শামসুজোহার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে কোকেন ও ইয়াবা বড়িসহ শাহজালালকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬-এর যশোর কার্যালয়ের উপপরিচালক মো. কাওছার হোসেন বলেন, কোকেনজাতীয় মাদক জব্দ করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর কার্যালয়ে নমুনা পাঠানো হয়। সেখানে প্রাথমিক পরীক্ষায় কোকেন বলে নিশ্চিত হওয়া গেছে। চূড়ান্ত পরীক্ষার জন্য নমুনা র্যাব সদর দপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে বলে জানান মো. কাওছার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক মাসুদ হোসেন বলেন, প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে জব্দ করা ওই পদার্থ কোকেন।