যশোরে গণপিটুনিতে দুই তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই তরুণের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে সদর উপজেলার হুদারাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের বিলাল উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৪) ও আড়পাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে আল-আমিন (২৩)। ইসমাইল যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিষয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন। যশোর শিক্ষা বোর্ড এলাকায় ইসমাইলের কম্পিউটারের দোকান ও হাইকোর্ট মোড়ে আল-আমিনের গ্রিল তৈরির দোকান (ওয়েল্ডিং ওয়ার্কশপ) রয়েছে। তাঁরা পরস্পর বন্ধু ছিলেন।
এ ঘটনায় ছিনতাইকারীর কবলে পড়া বরুণ তরফদার নামের এক ব্যক্তি বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। বরুণ তরফদার বাঘারপাড়া উপজেলার চাপাতলা গ্রামের বাসিন্দা। তিনি পদ্মা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের যশোর জেলা সমন্বয়ক। প্রতিদিন তিনি মোটরসাইকেলে করে যশোর শহর থেকে বাড়িতে যাতায়াত করেন।
বরুণ তরফদার প্রথম আলোকে বলেন, রোববার রাত ১০টার দিকে তিনি শহর থেকে বাড়ির পথে রওনা হন। পাঁচবাড়িয়া এলাকা পার হওয়ার পর তিনি বুঝতে পারেন দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তাঁর পিছু নিয়েছে। কিছু দূর যাওয়ার পর একটি মোটরসাইকেল তাঁর সামনে চলে যায়। পেছনের মোটরসাইকেলে থাকা হেলমেট পরা দুজন দুর্বৃত্ত তাঁকে দাঁড়াতে বলে। এ সময় বরুণ গতি আরও বাড়িয়ে দেন। দুর্বৃত্তদের মোটরসাইকেলে থাকা একজন চলন্ত অবস্থায় চাকু বের করে দুবার বরুণকে আঘাত করার চেষ্টা করে। এ সময় তিনি হাতে ঘুষি মারলে দুর্বৃত্তের হাত থেকে চাকু পড়ে যায়। পরে তারা পিস্তল বের করে। তখন ডাকাত ডাকাত বলে তিনি চিৎকার করতে থাকেন।
বরুণ বলেন, ওই মুহূর্তে পেছন থেকে আসা একটি ট্রাকের আলোর কারণে দুর্বৃত্তরা সুবিধা করতে পারেনি। তারা বারবার গুলি করার হুমকি দিতে থাকে। হুদারাজাপুর এলাকায় পৌঁছার পর তাদের মোটরসাইকেলের সঙ্গে বরুণের মোটরসাইকেলটি ধাক্কা খেলে উভয় যানের আরোহীরা সবাই পড়ে যায়। তখন আবার ’ডাকাত ডাকাত’ বলে আবার চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হয়ে দুর্বৃত্তদের ধরে গণপিটুনি দেন। একপর্যায়ে বরুণ অচেতন হয়ে পড়েন। তখন কয়েকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
গতকাল দুপুরে ওই হাসপাতালের লাশকাটা ঘরের সামনে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা হয়। নিহত ইসমাইলের ভাই সালাউদ্দীন বলেন, রোববার সন্ধ্যায় আল-আমিনের সঙ্গে মোটরসাইকেলে করে ইসমাইল বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। খবর পেয়ে গতকাল সকালে হাসপাতালে এসে ভাইয়ের লাশ শনাক্ত করেন তিনি। সালাউদ্দীন বলেন, কারা কী কারণে তাঁর ভাইকে মেরেছে, তা তিনি জানেন না। ইসমাইলের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ ছিল না।
নিহত আল-আমিনের ফুফাতো ভাই আনিসুর হমান বলেন, ডাকাত বা ছিনতাইকারী চক্রের সঙ্গে আল-আমিনের সম্পর্ক ছিল না। আল-আমিন খারাপ প্রকৃতির ছেলে ছিল না বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, বছর খানেক আগে আল-আমিন ওয়েল্ডিংয়ের একটা দোকান দেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী বলেন, ‘ছিনতাইয়ের সময় বরুণ তরফদার নামের এক ব্যক্তির চিৎকারে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে দুজনকে মেরে ফেলেছে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে, বিদেশি একটি পিস্তল, পিস্তলের দুটি গুলি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বরুণ তরফদার বাদী হয়ে একটি এবং অস্ত্র উদ্ধার ও গণপিটুনিতে হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।