যশোরে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা
যশোরে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার হাশিমপুর গ্রামের আব্বাস তরফদারের ছেলে জয়নাল আলী তরফদার (৪০) ও আফজাল তরফদারের ছেলে লিটু হোসেন (২০)। দুজনই কৃষক ছিলেন।
এ ছাড়া পাবনার ঈশ্বরদীতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে তাঁর বাড়ি থেকে। পরিবারের দাবি, তিনি বঁটি দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন। তবে এলাকাবাসী বলছে, ঘটনাটি রহস্যজনক।
যশোরে দুই খুন: সদর উপজেলার দক্ষিণ আড়পাড়া গ্রামের একটি মাঠ থেকে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে জয়নাল আলী ও লিটু হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ দুটি যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত লিটুর ভাই মিথুন হোসেন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় লিটু ভুসি ও ডিম কিনতে তরফদারপাড়া মোড়ের দোকানের উদ্দেশে যান। পরে রাতে আর তিনি বাসায় ফেরেননি। গতকাল সকালে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত জয়নালের ভাই ইসলাম আলী তরফদার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মোড়ের একটি মুদি দোকানে জয়নাল বসে ছিলেন। সন্ধ্যায় তাঁর মুঠোফোনে একটি কল এলে তিনি উঠে চলে যান। পথে লিটুর সঙ্গে তাঁর দেখা হয়। লিটুকে নিয়ে তিনি আড়পাড়ার দিকে যান। এরপর গতকাল সকালে তাঁদের লাশ পাওয়া যায়। জয়নাল আওয়ামী লীগের কর্মী ছিলেন।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বলেন, ‘রাতে দুর্বৃত্তরা দুজনের পেটে গুলি করে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে। কারা, কী কারণে তাঁদের হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
ওসির ভাষ্য, জয়নালের বিরুদ্ধে থানায় খুন, চাঁদাবাজি, ডাকাতি ও মারামারির ছয়টি মামলা রয়েছে।
পাবনায় লাশ উদ্ধার: ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডায় রজব আলী (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
পরিবারের দাবি, রজব আলী নিজেই বঁটি দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন। তবে এলাকাবাসী বলছে, ঘটনাটি রহস্যজনক। গতকাল তাঁর লাশ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, গতকাল দুপুরে ওই ইউনিয়নের কামালপুর গ্রামের পূর্বপাড়ায় রজব আলীর বাড়িতে গলা কাটা অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। সেখানে রক্তমাখা একটি বঁটি পাওয়া হয়। লাশ দেখে মনে হয়, আগের রাতে রজব নিহত হন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু ওবায়েদ বলেন, পরিবারের দেওয়া তথ্যে জানা যায়, রজব আলী একজন মানসিক রোগী ছিলেন। তিনি এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে লাশের ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
রজব আলীর ছেলে স্কুলশিক্ষক সেকেন্দার আলীর ভাষ্য, তাঁর বাবা ইতিপূর্বে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে গোঙানির শব্দ পেয়ে রান্নাঘরে ছুটে গিয়ে তাঁরা গলাকাটা অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন। বঁটিতে নিজের গলা নিজে কেটে তিনি আত্মহত্যা করেছেন বলেই তাঁদের ধারণা।