যশোরে গুলিবিদ্ধ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, গত মঙ্গলবার গভীর রাতে তাদের একটি টহলদল যশোর-চুকনগর সড়কের বেগারিতলা থেকে গুলিবিদ্ধ আনিসুর রহমানকে উদ্ধার করার পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে আনিসুরের পরিবারের অভিযোগ, পুলিশই তাঁকে গুলি করে হত্যা করেছে।
আনিসুর রহমান (৩৮) মনিরামপুর উপজেলার উত্তর লাউড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় বিএনপি বলেছে, তিনি দলটির কর্মী ছিলেন। এ ছাড়া মনিরামপুর বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আনিসুরের বিরুদ্ধে কৃষকলীগ নেতা শফি কামাল ও যুবলীগ কর্মী শাহীন হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার মধ্যরাতে তারা জানতে পারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেগারিতলা এলাকায় মিজান-মাহফুজ ও আনিসুর গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে। এরপর পুলিশের একটি টহলদল রাত দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পরই গুলিবিদ্ধ ব্যক্তি মারা যান। গোলাগুলির ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
কিন্তু নিহত আনিসুরের ভাই আজিজুর রহমান দাবি করেন, পুলিশ আনিসুরকে গ্রামের এক বাড়ি থেকে ধরে নিয়ে থানায় আটকে রাখে। পরে গুলি করে তাঁকে হত্যা করে। আজিজুর রহমান বলেন, ঘটনার দিন সকালে থানায় আনিসকে দেখতে গেলে পুলিশ তাঁকে যশোর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছিল। পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ। তিনি বলেন, ‘পরিবারের অভিযোগ সত্য নয়। আনিসুরকে আটক করা হয়নি।’
নিহত আনিসুরকে বিএনপির কর্মী দাবি করেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘গত ৩০ অক্টোবর ভোরে বিএনপির কর্মী আনিসুর ও শফিককে পুলিশ উত্তর লাউড়ি গ্রাম থেকে আটক করে। দুই দিনেও তাঁদের আদালতে তোলা হয়নি। পরে হাজতে গিয়ে শফিককে পাওয়া গেলেও আনিসুরকে পাওয়া যায়নি। এরপর হাসপাতালের মর্গে গিয়ে আনিসুরের লাশ শনাক্ত করা হয়।’