যশোরে ছাত্রলীগের নেতা-কর্মীরা এক যুবককে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত শুকুর আলীর (২৫) পরিবারের সদস্যরা গতকাল রোববার সাংবাদিকদের বলেন, যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর দুই পায়ের নখ তুলে ফেলেন। কাঁচি দিয়ে হাঁটুর মাংস কেটে নেন। হকিস্টিক দিয়ে বেধড়ক পেটান।
৬ নভেম্বর এ নির্যাতনের ঘটনা ঘটে। গত শনিবার রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুকুর আলী। তিনি এমএম কলেজ-সংলগ্ন সার্কিট হাউজপাড়া এলাকার বাসিন্দা। পেট্রলপাম্পে কাজ করতেন। তবে অসুস্থতার কারণে কিছুদিন ধরে তিনি কাজ করতেন না।
শুকুরের বাবা মতিয়ার রহমান বলেন, এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ রয়েছে। এর জের ধরে স্থানীয় আওয়ামী লীগ এক নেতার সমর্থক ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁর ছেলেকে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা করেছেন।
শুকুর আলীর বোন মুক্তা বেগম গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, এমএম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের নেতৃত্বে ২০-২৫ জন যুবক ৬ নভেম্বর বিকেলে শুকুরকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে কলেজের দিকে নিয়ে যান। ঠেকাতে গেলে তাঁর মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে দেন। তখন তাঁরা পিছু পিছু যান। এমএম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নিয়ন্ত্রিত শহীদ আসাদ হলের সামনে নিয়ে প্রকাশ্যে তাঁকে হকিস্টিক দিয়েবেধড়ক পেটানো হয়। একপর্যায়ে প্লাস দিয়ে শুকুরের দুই পায়ের নখ তুলে ফেলেন ওই যুবকেরা। কাঁচি দিয়ে হাঁটুর মাংস কেটে নেন। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ নির্যাতনকারীদের না ধরে উল্টো আহত শুকুরকে আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ছিনতাইকারী হিসেবে গণপিটুনি দেওয়ার পর ওই যুবককে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে পুলিশ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কৃষ্ণ সাহা বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুকুরকে ঢাকায় নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু নেওয়া হয়নি।
শুকুরের বাবা মতিয়ার রহমান অভিযোগ করেন, ঘটনার পরদিনই চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু পুলিশ তাঁকে ঢাকায় নিতে দেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ওসি ইলিয়াস বলেন, ‘তাঁর অবস্থা যে আশঙ্কাজনক তা পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। তবে বিষয়টি আমরা শনিবার রাতে জেনেছিলাম। কিন্তু ঢাকায় পাঠানোর আগেই তাঁর মৃত্যু হয়।’
মরদেহের সুরতহাল করা পুলিশ কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রুহুল কুদ্দুস বলেন, শুকুরের পায়ের দুটি আঙুলের নখ উপড়ে ফেলা হয়েছে। হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত মাংস থেঁতলানো। নির্যাতনের কারণে হাতে কালচে দাগ পড়ে গেছে।
অভিযোগের ব্যাপারে জানার জন্য এমএম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় লোকজন শুকুরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সেখানে কলেজের কোনো ছাত্র থাকলেও থাকতে পারে। তবে আমার জানামতে, ছাত্রলীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।’
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে শুনেছি, মুঠোফোন চুরির জের ধরে কলেজের ছাত্ররা ওই যুবককে মারধর করে। আমি ছাত্রদের নেতা হওয়ায় সাধারণ ছাত্ররা হয়তো আমার নাম বলছে।’