যশোরে ছাত্রলীগের সাবেক নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার সদর উপজেলার লেবুতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই নেতা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও আহত নেতার পারিবারিক সূত্রে জানা গেছে, তরিকুল লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী হিসেবে এলাকায় প্রচার চালাচ্ছিলেন। শনিবার রাত ১০টার দিকে তিনি লেবুতলা বাজার থেকে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করলে তাঁর বাঁ হাতে বিদ্ধ হয়। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকাদার আককাছ আলী বলেন, যারা গুলি করেছে, তারা স্থানীয় সন্ত্রাসী। গুলি ছোড়ার সময় চলমান গাড়ির আলোয় তরিকুল তাঁদের চিনতে পেরেছেন। তিনি পুলিশের কাছে চারজনের নাম বলেছেন। তবে এখনো এ ঘটনায় মামলা হয়নি।

আহত তরিকুলের ভাই রিপন হোসেন বলেন, তরিকুল লেবুতলা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী।