যশোরে জামায়াতের কার্যালয়ে তল্লাশি, একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয়ে তল্লাশি চালিয়ে মওদুদীর কয়েকটি বই ও সংগঠনের কিছু কাগজপত্রসহ বায়েজিত বোস্তামী নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এ তল্লাশি চালানো হয়।
বায়েজিত ওই কার্যালয় দেখভালের কর্মচারী বলে জানা গেছে। তাঁর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বেলা তিনটা ৩৪ মিনিটে সাত-আটটি গাড়িতে করে ৫০ জনের মতো পুলিশের সদস্য যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় জামায়াতের কার্যালয়ে তল্লাশি চালাতে যান। এ সময় কার্যালয়ের কর্মচারী বায়েজিতকে আটক করা হয়। তাঁর কাছে থাকা চাবি দিয়ে দোতলা ভবনের নিচতলার জামায়াতের উপজেলা ও শহর কমিটির কার্যালয় এবং ওপরের তলার জেলা কার্যালয়ের দরজার তালা খুলে তল্লাশি করা হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি ইনামুল হক বলেন, বুধবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা করার কথা। নাশকতা সৃষ্টি করার মতো কোনো সরঞ্জাম দলীয় কার্যালয়ে রাখা আছে কি না তা দেখার জন্য অভিযান চালানো হয়েছে।