যশোরে ডাকাতদের ছুরিকাঘাতে আহত জরিপকারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা থানাসংলগ্ন পাঁচনামনী এলাকায় গত বুধবার একই বাড়ির দুটি ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। তৃতীয় ফ্ল্যাটে ডাকাতির সময় ছুরিকাঘাতে উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী (সার্ভেয়ার) জাহাঙ্গীর আলম (৪৫) আহত হন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা। বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর চৌগাছার ওই বাড়িতে হানা দেয়। জাহাঙ্গীর দরজা খুলেই ডাকাতদের দেখে চিৎকার দেন। এ সময় তারা জাহাঙ্গীরের মাথা, বুক ও পেটে ছুরি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। জাহাঙ্গীরের স্ত্রী এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে গতকাল সকালে জাহাঙ্গীর মারা যান।