যশোরে তরুণকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের নিউমার্কেট এলাকায় শামীম হোসেন (২৫) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে হামলার পর গতকাল শনিবার সকালে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
নিহত শামীম মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি যশোর জেলা শহরের ঘোপ এলাকায় খালার বাড়িতে থাকতেন।
এ ঘটনায় শামীমের খালা জহুরা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ ও শামীমের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এক ব্যক্তি ফোন করে শামীমকে নিউমার্কেট এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে রড দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।
যশোর সদর উপজেলার উপশহর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন প্রথম আলোকে বলেন, শামীমকে যাঁরা হত্যা করেছেন, তাঁদের পরিচয় জানা গেছে। তবে তদন্তের স্বার্থে পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। শামীম ও হত্যাকারীরা একসঙ্গেই চলাফেরা করতেন। মুঠোফোনে ডেকে নিয়ে শামীমকে হত্যা করা হয়েছে। শামীমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে বলে জানান এসআই বিপ্লব হোসেন।
কী কারণে শামীমকে হত্যা করা হলো, জানতে চাইলে বিপ্লব হোসেন বলেন, সুনির্দিষ্টভাবে বলা এই মুহূর্তে সম্ভব নয়। কোনো বিষয় নিয়ে বিরোধের জের ধরে শামীমকে হত্যা করা হয়ে থাকতে পারে।