যশোরে দুই ভাইকে তুলে নিয়ে একজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে আবার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর আলম (৩৫) নামের ওই যুবক মারা গেছেন সন্ত্রাসীদের দুটি পক্ষের গোলাগুলিতে। তবে পরিবারের অভিযোগ, একসঙ্গে দুই ভাইকে বাড়ি থেকে তুলে নেওয়ার পর পুলিশ জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করেছে। এরপর থেকে তাঁর ছোট ভাই আবিদ হাসানের (২৭) খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার রাতে যশোরে গুলিতে হাফিজুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হন। তাঁর পরিবারও অভিযোগ করেছিল, বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশ তাঁকে গুলি করে হত্যা করেছে। ওই অভিযোগও অস্বীকার করে পুলিশ।
শুক্রবার রাতে নিহত জাহাঙ্গীর ও নিখোঁজ আবিদ যশোর সদর উপজেলার শানতলা উত্তরপাড়া গ্রামের নওশের আলীর ছেলে। জাহাঙ্গীর পুরোনো বস্তা বেচাকেনার ব্যবসা করতেন। সেই সঙ্গে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানিয়েছে পরিবার।
জাহাঙ্গীরের চাচা আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনটি গাড়িতে করে পুলিশ বাড়িতে এসে জাহাঙ্গীর ও আবিদকে ধরে নিয়ে যায়। পরে খোঁজখবর করেও তাঁদের কোনো হদিস মিলছিল না। সকালে যশোর জেনারেল হাসপাতালে চাকরি করা এক আত্মীয়কে ফোন করে জানতে পারি, পুলিশ রাত তিনটার দিকে জাহাঙ্গীরের লাশ হাসপাতালে রেখে গেছে।’ তিনি বলেন, আবিদকে আটকের বিষয়টি গতকাল শনিবার দুপুর পর্যন্ত স্বীকার করেনি পুলিশ।
আবদুর রহমান আরও বলেন, জাহাঙ্গীর জেলা আওয়ামী লীগের এক পক্ষের সঙ্গে রাজনীতি করতেন। তিনি স্থানীয় প্রতিপক্ষের দ্বন্দ্বের শিকার। পুলিশ ধরে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করে লাশ হাসপাতালে রেখে গেছে। এর আগেও বিভিন্ন সময়ে বিচারাধীন মামলায় পুলিশ জাহাঙ্গীরকে ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তাঁর চাচা।
তবে অভিযোগ অস্বীকার করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, জাহাঙ্গীর বা আবিদ—কাউকেই পুলিশ আটক করেনি। রাত দেড়টার দিকে খবর আসে দৌলতদিহি এলাকায় ডাকাতির জন্য সন্ত্রাসীদের দুটি পক্ষ জড়ো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে তাঁর পরিচয় জানা যায়, তিনি জাহাঙ্গীর। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ ১৯টি মামলা রয়েছে।
ওসি ইলিয়াস হোসেন বলেন, ডাকাতদের দুপক্ষের গোলাগুলিতে জাহাঙ্গীর নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।