যশোরে দুজনকে পিটিয়ে হত্যা
যশোর শহরের খড়কি এলাকায় এক নববধূকে গত শনিবার পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই দিনে সদর উপজেলার হৈবতপুরে মো. বাবু (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত নববধূর নাম রেখা পারভিন (১৮)। তাঁর পরিবারের অভিযোগ, পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় শনিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর থেকে নিহত গৃহবধূর শ্বশুর ও চাচা শ্বশুরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর যশোরের মনিরামপুর উপজেলার জলকর রোহিতা গ্রামের রেখার সঙ্গে শহরের খড়কি এলাকার জহিরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে জহিরুলের বাড়ির লোকজন যৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু তা না দেওয়ায় রেখার ওপর নির্যাতন চালনো হতো।
রেখার ফুফা মো. ইসরাফিল বলেন, শনিবার রাতে রেখার শ্বশুর মুঠোফোনে জানান তাঁদের মেয়ে গুরুতর অসুস্থ। কয়েক ঘণ্টা পর খবর আসে রেখা মারা গেছেন। তিনি অভিযোগ করেন, যৌতুকের জন্য রেখাকে জোর করে বাড়ি পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তিনি যেতে না চাইলে স্বামী ও তাঁর পরিবার মিলে পিটিয়ে তাঁকে হত্যা করে। পরে মুখে বিষ ঢেলে দেয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ও লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, নিহত রেখার শরীরে আঘাতের চিহ্ন ছিল। শরীরে বিষ ছিল কি না, তার রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, কী কারণে রেখার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সদর উপজেলার হৈবতপুর সাতমাইল এলাকায় শনিবার রাতে বাবুকে হত্যার পর সন্ত্রাসীরা তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রেখে যায়।
বাবু যশোর সদর উপজেলার নওদা গ্রামের বাসিন্দা। তিনি গেট-গ্রিলশিল্পের কারিগর ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে বাবু সাতমাইল বাজারে গেলে স্থানীয় পাঁচ-ছয়জন তাঁকে জোর করে ইঞ্জিনচালিত আলমসাধুতে করে ভৈবর নদের তীরে নিয়ে যায়। সেখানে তাঁকে নির্যাতন করে তারা।
নিহত বাবুর চাচাতো ভাই আনিছুর রহমান অভিযোগ করে বলেন, স্থানীয় মোনায়েম, আজিজুরসহ পাঁচ-ছয়জন বাজার থেকে বাবুকে তুলে নিয়ে হত্যা করে। বাবুকে হত্যার কারণ সম্পর্কে তিনি বলেন, সম্প্রতি যশোর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামকে সন্ত্রাসীরা গুলি করে। ওই ঘটনার কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনায় ফরিদের সঙ্গে বাবুর গন্ডগোল হয়। এ কারণে ফরিদের লোকজনের ধারণা, ওই হামলার সঙ্গে বাবু জড়িত।
তবে অভিযোগ অস্বীকার করে ফরিদুল ইসলাম বলেন, মোনায়েম, আজিজুর তাঁর দলেরও কেউ নয়। তাঁর কোনো লোক এ হত্যাকাণ্ডে জড়িত নয়। বাবু তাঁকে গুলি করায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাঁকে পিটুনি দিয়েছে বলে দাবি করেন তিনি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, বাবুর দুই পায়ের হাঁটু পিটিয়ে গুঁড়ো করে দেওয়া হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন আছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে এম আরিফুল হক বলেন, মামলা দেওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে।