যশোরে দোকান কর্মচারীকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার উপশহর এলাকার ঈদগাহের পাশে সাগর (২৫) নামের এক দোকান-কর্মচারীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাগর শহরের ঘোপ বেলতলা এলাকার একটি পোলট্রির দোকানে কাজ করতেন। তিনি বেলতলা এলাকার মোহন হাজরার ছেলে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উপশহর এলাকা থেকে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে সাগর তাঁর বন্ধুদের সঙ্গে উপশহর ঈদগাহ মাঠে বসেছিলেন। এ সময় কয়েকজন যুবক সাগরকে মারতে এলে তিনি দৌড়ে পাশের একটি ওষুধের দোকানের সামনে গিয়ে পড়ে যান। সেখানে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে দুর্বৃত্তরা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় আধা ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
সাগরের মা রুবি বেগম হাসপাতালে সাংবাদিকদের বলেন, সম্প্রতি সন্ত্রাসীদের হাতে খুন হওয়া টাক শিপনের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে বলেন, নিহত সাগর সন্ত্রাসী টাক শিপনের একটি দলের সদস্য ছিলেন। শিপন নিহত হওয়ার পর দলের মধ্যে বিভক্তি দেখা দেয়। আগের কোনো লেনদেনের দ্বন্দ্বে সাগরকে খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।