যশোরে পিটিয়ে ছাত্র হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে পিটিয়ে এক ছাত্রকে হত্যা এবং আরও দুজনকে গুরুতর জখম করা হয়েছে। সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের একটি আবাসিক হল এবং শহরের রেলগেট এলাকার একটি ছাত্রাবাসে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
নিহত ছাত্র মো. হাবিবুল্লাহকে ছাত্রশিবিরের কর্মী দাবি করে জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকেসহ অন্যদের ধরে নিয়ে পিটিয়েছেন। এ অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ বলছে, নিহত-আহত ব্যক্তিরা ছাত্রশিবিরের কর্মী। নাশকতার পরিকল্পনার অভিযোগে স্থানীয় লোকজন তাঁদের পিটিয়েছে। তবে তিনজনের পরিবার জানায়, তাঁরা রাজনীতির সঙ্গে জড়িত নন।
নিহত মো. হাবিবুল্লাহ (২২) শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে। তিনি এমএম কলেজের অর্থনীতি বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত ব্যক্তিরা হলেন বাঘারপাড়া উপজেলার ছোট খুদড়া গ্রামের মোহম্মদ উল্লাহর ছেলে কামরুল হাসান (২২) ও অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের আতিয়ার রহমানের ছেলে আল মামুন (২১)। কামরুল অর্থনীতি বিভাগের আর মামুন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী প্রথম আলোকে বলেন, বিকেল পৌনে চারটার দিকে খবর আসে, এমএম কলেজ ক্যাম্পাসের আসাদ হলে দুজনকে মারধর করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হলের পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় হাবিবুল্লাহ ও কামরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভর্তির আধ ঘণ্টা পর হাবিবুল্লাহর মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর আবার খবর আসে, শহরের রেলগেট এলাকার আশিক ছাত্রাবাসে মারধর করা হচ্ছে। সেখানে পুলিশ পাঠিয়ে আহত অবস্থায় আল মামুন নামে অপর এক ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মামুন ওই ছাত্রাবাসে থাকেন।
গতকাল সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত হাবিবুল্লাহর লাশ হাসপাতালের মর্গে পড়ে আছে। তাঁর আত্মীয়স্বজন কাউকে পাওয়া যায়নি। আর গুরুতর আহত দুজনকে হাসপাতালের মেঝেতে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে কান্নাকাটি করছেন স্বজনেরা।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার চিকিৎসক মো. মনিরুজ্জামান বলেন, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে কামরুলের অবস্থা বেশি খারাপ।
আহত আল মামুন সাংবাদিকদের বলেন, তিনি আশিক ছাত্রাবাসে থাকেন। বিকেলে পাশের নির্ঝরা ছাত্রাবাস থেকে কামরুল ও হাবিবুল্লাকে ধরে আশিক ছাত্রাবাসে নিয়ে আসেন ছাত্রলীগের কর্মীরা। সেখানে তাঁদের তিনজনকে পেটানোর পর কামরুল ও হাবিবুল্লাকে নিয়ে যান তাঁরা।
নিহত হাবিবুল্লাহর মা আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে বাড়িতে থাকেন, রাজনীতি করেন না। পরীক্ষা দেওয়ার জন্য সকালে কলেজে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে তাঁরা খবর পান, হাবিবুল্লাহকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর লাশ মর্গে আছে।
আহত কামরুলের বাবা মোহম্মদ উল্লাহ হাসপাতালে প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে এমএম কলেজে লেখাপড়া করে। কোনো দলাদলির মধ্যে নেই। কারা কেন মেরেছে তা বুঝতে পারছি না।’
আহত আল মামুনের বোন সীমা খাতুন বলেন, ‘আমার ভাই কোনো দলবল করে না। কারা যেন তাকে অমানুষের মতো মেরেছে।’
জামায়াতে ইসলামীর যশোর জেলা কমিটির প্রচার সম্পাদক মো. সাহাব উদ্দীন নিহত হাবিবুল্লাহকে ছাত্রশিবিরের কর্মী দাবি করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা হাবিবুল্লাহ ও কামরুলকে মেস থেকে ধরে আসাদ হলে নিয়ে বেদম পিটিয়েছেন। এতে হাবিবুল্লাহের মৃত্যু হয়েছে।
তবে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আসাদ হলে মারধরের কোনো ঘটনা ঘটেনি। তবে আমি যেটা জানি, রেলগেট এলাকায় ছাত্রশিবিরের একটি মেসে বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনা হয়। বিকেলে ওই মেসে ছাত্রশিবির বৈঠক করছিল। এ সময় স্থানীয় লোকজন ওই মেসে গিয়ে ছাত্রশিবিরের কর্মীদের পিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে।’
জানতে চাইলে যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, নিহত-আহত তিনজনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। যে কারণে আহত দুজনকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।