
যশোরের বেনাপোল বাজার থেকে সাগর (২৫) নামের এক ব্যবসায়ী ও রানা (২২) নামের এক কর্মচারীকে গতকাল বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা।
সাগর বেনাপোল বাজারে তানিম ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী। তিনি শার্শা উপজেলার ভবারবেড় গ্রামের আবদুর রশিদের ছেলে। আর রানা পাশের একটি দোকানের কর্মচারী ছিলেন। মালয়েশিয়ায় যাওয়ার জন্য তিনি চাকরি ছাড়েন। রানা উপজেলার ঘীবা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বেনাপোল বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে সাগর ও রানাকে বেনাপোল বাজার থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই গাড়িতে আসা লোকজনের গায়ের কটি পোশাকে ডিবি (পুলিশের গোয়েন্দা শাখা) লেখা ছিল। তিনি বলেন, ‘যদি তাঁদের কোনো অপরাধ থেকে থাকে, তাহলে দেশের প্রচলিত আইনে তাঁদের আটক করে শাস্তি হতে পারে। কিন্তু বেআইনিভাবে ধরে নিয়ে গেলে আমরা মানব না।’
সাগর ও রানার মুক্তির দাবিতে গতকাল সন্ধ্যা সাতটা থেকে যশোর-বেনাপোল মহাসড়ক বন্ধ করে আন্দোলন শুরু করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, রাত নয়টার দিকে সহকারী পুলিশ সুপার (এএসপি–নাভারণ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী ও বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনাস্থলে আসেন। তাঁরা বলেন, ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর আন্দোলনকারীদের সঙ্গে মুঠোফোনে তাঁদের কথা বলিয়ে দেওয়া হয়। তখন সড়ক অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।
তবে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমানুল হক প্রথম আলোকে বলেন, ‘ডিবির অন্য কোনো শাখা থেকে তাঁদের আটক করা হয়েছে কি না, আমার জানা নেই।’
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, ‘কী বিষয়ে কারা ওই দুজনকে ধরে এবং কারা ছেড়ে দিয়েছে কিছুই জানি না। ডিবির লোকজন আমাদের কাছে আটকের বিষয়টি অস্বীকার করেছে।’
এদিকে রাস্তা বন্ধ থাকার কারণে বেনাপোল বন্দরের আমদানি ও রপ্তানি পণ্যবাহী কয়েক শ ট্রাক ও যাত্রীবাহী অসংখ্য বাস আটকা পড়ে।