যশোরে পুলিশের ওপর বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকায় গত বৃহস্পতিবার রাতে বোমা হামলায় পুলিশের এক কনস্টেবলসহ দুজন গুরুতর জখম হন। তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন যশোর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মামুন আলী খান (৩০)। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার খর্দ্দ কছুন্দী গ্রামে। অপর ব্যক্তির নাম মাসুদ রানা (৩২)। তাঁর বাড়ি যশোর সদর উপজেলার চাঁচড়া গ্রামে। তিনি পুলিশের তথ্যদাতা (সোর্স) হিসেবে কাজ করেন।
এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শোয়েব উদ্দীন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয়ের আরও সাত-আটজনকে আসামি করে দুটি মামলা করেন। এর আগে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে এজাহারভুক্ত আসামি খোলাডাঙ্গার মেহেদী হাসান ওরফে টোকনের স্ত্রী সাবিনা আকতার ওরফে বীনা (৩০) এবং মেহেদীর ভাই ফজলুর রহমান (৩০) ও সাহেব আলীকে (৪৫) আটক করে। অভিযানের সময় মেহেদীর নির্মাণাধীন বাড়ি থেকে ১০টি তাজা বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক প্রথম আলোকে বলেন, বোমার স্প্লিন্টারের আঘাতে পুলিশের সদস্য মামুনের ডান ঊরু ও ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। অপর ব্যক্তির বুকের ডান পাশ স্প্লিন্টারে জখম হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল মামুন আলী প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দলের সঙ্গে বৃহস্পতিবার রাত আটটার দিকে খোলাডাঙ্গা এলাকায় অভিযানে যাই। আমি আর মাসুদ রানা একটি মোটরসাইকেলে ছিলাম। পেছনে পুলিশের একটি গাড়ি ছিল। খোলাডাঙ্গা বাজারে পৌঁছালে আমাদের মোটরসাইকেল লক্ষ্য করে দু-তিনজন বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, ছয়জনের একটি দল অভিযানে গিয়েছিল। পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের এক সদস্যসহ দুজন আহত হয়েছেন।