যশোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশেরে ভাষ্য, গতকাল দিবাগত রাত তিনটার দিকে একটি মাইক্রোবাসে করে পুলিশের একটি দল যশোর-মাগুরা মহাসড়ক দিয়ে ইছালী এলাকার দিকে যাচ্ছিল। পথে পাঁচবাড়িয়া এলাকায় রশি টাঙিয়ে সড়ক আটকানো দেখে গাড়ি থেকে নেমে আসে পুলিশ। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি মারা যান।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনের দাবি, রাতে সড়কে রশি টাঙিয়ে ওই দুর্বৃত্তরা ডাকাতির চেষ্টা করছিল। পুলিশ দেখে তারা গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা ১০টি গুলি ছুড়ে। ডাকাতদের ছোড়া গুলিতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যরা পালিয়ে গেছেন। গুলিবিদ্ধ লাশের ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয়।

ওসি জানান, কেউ লাশের সন্ধান না করায় বেওয়ারিশ লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুলের কর্মকর্তাদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।