যশোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
যশোরের মনিরামপুর উপজেলায় গতকাল রোববার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওসমান দফাদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ওসমানের পরিবারের দাবি, তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ তাঁকে ধরে নিয়ে হত্যা করেছে। তবে পুলিশ দাবি করছে, তাঁর বিরুদ্ধে কেশবপুর ও মনিরামপুর থানায় পাঁচটি ডাকাতি ও দুটি চুরির মামলা রয়েছে।
ওসমান মনিরামপুরের হাসাডাঙ্গা গ্রামের আজিবর দফাদারের ছেলে। গতকাল দুপুরে আজিবর দফাদার প্রথম আলোকে বলেন, গত শনিবার দুপুরে তাঁর ছেলেকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর কী হয়েছে, তা তিনি জানেন না। তিনি বলেন, ‘আমার ছেলের নামে কোনো মামলা নেই। অনেক আগে দুটি চুরির মামলা ছিল, তা মিটে গেছে। মাঠে কাজ করে সংসার চালাত সে। ওর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।’
তবে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির আহমেদের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক সড়কের মনিরামপুর উপজেলার ফকির রাস্তার মোড় বাজার থেকে ওসমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তাঁর কাছে অস্ত্র রয়েছে। এরপর রাত সাড়ে তিনটার দিকে পুলিশ তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে নামে। পুলিশ আমিনপুর গ্রামের কবরস্থানের পাশে পৌঁছালে ওসমানের সহযোগীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। একপর্যায়ে একটি গুলি ওসমানের শরীরে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি দাবি করেন, ওসমানের শরীরে যে গুলি লেগেছে, তা পুলিশের অস্ত্রের গুলি নয়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুটি গুলি ও একটি পুরোনো মুঠোফোন উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘বন্দুকযদ্ধে’ কনস্টেবল নজরুল ইসলাম ও প্রবীর কুমার আহত হন। তাঁদের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, ওসমানের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।