লতিফ সিদ্দিকীর বিচার চেয়ে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
যশোরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩০
মহানবী হজরত মোহাম্মদ (সা.) ও পবিত্র হজ সম্পর্কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর আপত্তিকর মন্তব্যে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এসব কর্মসূচিতে পৃথকভাবে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠন। যশোরে কর্মসূচি চলাকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলিতে আহত হন অন্তত ৩০ জন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে বিএনপি-পুলিশের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হন আরও অন্তত ৩০ জন। গতকাল বিকেল চারটায় জেলা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির সময় এ সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক, সহসম্পাদক আবদুস সালাম আজাদ ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ ১০ নেতা-কর্মীকেও আটক করে পুলিশ।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন পুলিশের কনস্টেবল মতিয়ার রহমান (৩০), যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসনে (২৩) ও পুলেরহাট এডাস ইনস্টিটিউটের (কিন্ডারগার্টেন) প্রধান শিক্ষক পথচারী ইমদাদুল হক ওরফে রঞ্জু (৩৭)।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, কামালের বুকে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সদস্যের ডান হাত এবং অপর ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে লেগেছে রাবার বুলেট। তিনজনেরই অস্ত্রোপচার করা হয়েছে।
যশোর নগর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মারুফুল ইসলাম দাবি করেন, যুবদল নেতা কামালকে ধরে নিয়ে বুকে পিস্তল ঠেকিয়ে পুলিশ গুলি করেছে। তবে অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে এম আরিফুল হক বলেন, প্রথমে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশ শটগানের কয়েকটি গুলি ছুড়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত সাত বছর যশোরে কোনো রাজনৈতিক হানাহানি হয়নি। পুলিশের মৌখিক অনুমতি নিয়ে মানববন্ধন কর্মসূচি করা হয়েছিল। কিন্তু অতি উৎসাহী কতিপয় কর্মকর্তার কারণে পুলিশ গুলিবর্ষণ করে।
মানববন্ধনে লাঠিপেটা ও গুলিবর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজশাহী: দুপুরে নগরের অলকার মোড় এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ হয়। এ সময় জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও একটি হাতবোমা ছোড়েন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান বলেন, পুলিশ জামায়াতের কর্মীদের ছত্রভঙ্গ করতে শটগানের ২৪টি ফাঁকা গুলি ছোড়ে।
নাটোর: জামায়াতের নেতা-কর্মীরা বিকেলে শহরের চকরামপুরে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ ১৫ জন আহত হন।