যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইদ্রিস আলীকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সাতমাইল বারীনগর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইদ্রিস সদর উপজেলার শ্যামনগর গ্রামের হাসেম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সন্ধ্যা সাতটার দিকে ইদ্রিস বারীনগর বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাঁকে লক্ষ্য করে অতর্কিতে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, ‘ইদ্রিস কাশিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। কী কারণে কারা তাঁকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।’
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে গিয়ে ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ওসির দাবি, ইদ্রিস নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সক্রিয় নেতা ছিলেন। দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তিনি খুন হতে পারেন।
মির্জা ফখরুলের ক্ষোভ: ইদ্রিস আলীকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।