যশোরে বিএনপি নেতাকে ছুরি মেরে হত্যা
যশোর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন (৫০) দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন। আজ বুধবার রাতে যশোর শহরের লোহাপট্টি এলাকায় তাঁর পেটে ছুরি মারা হয়। যশোর জেনারেল হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। নিহত ফেরদৌস যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, দলীয় কোন্দলে ফেরদৌস খুন হয়েছেন। স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে তিনি বাড়িতে থাকতেন না। যশোর শহরের লোহাপট্টি এলাকার ফারুক নামে বিএনপির এক কর্মীর সঙ্গে তিনি থাকতেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, আজ রাত ১০টার দিকে শহরের লোহাপট্টি এলাকায় বিএনপি নেতা ফেরদৌস হোসেনের সঙ্গে বিএনপি কর্মী ফারুকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফারুক তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।
এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওহিদুজ্জামান আজাদ সাংবাদিকদের বলেন, নিহত ফেরদৌসের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ফেরদৌস হোসেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। সন্ত্রাসীদের ভয়ে গত তিন বছর ধরে তিনি বাড়িতে ফিরছিলেন না। শহরে থাকতেন তিনি। যে সন্ত্রাসীদের ভয়ে তিনি বাড়িতে ফিরতে পারতেন না, সেই সন্ত্রাসীরাই তাঁকে হত্যা করেছে।’