যশোরে ব্যবসায়ী খুন, কারারক্ষীসহ দুজন আটক
যশোর শহরের বাবলাতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আবদুল গফফার (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে যশোর কেন্দ্রীয় কারাগারের রক্ষী আবদুর রশিদ ও তাঁর স্ত্রী শাহিদা বেগমকে।
নিহত গফফার শেখহাটি বাবলাতলা এলাকার আবদুল জব্বারের ছেলে। তিনি বাবলাতলা এলাকার ফরেন ফার্নিচার নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রের বিবরণ অনুযায়ী, বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়। সন্ধ্যায় রশিদের লোকজন গফফারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে গফফারকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ওসিসিকদার আককাছ আলী গতকাল রাত ১০টার দিকে বলেন, বাড়ির সীমানাপ্রাচীর দেওয়া নিয়ে রশিদ ও নিহত গফফারের সঙ্গে বিরোধ হয়। ওই ঘটনার জেরে গফফারকে কুপিয়ে হত্যা করা হতে পারে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।