যশোরে ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে গত শনিবার রাতে মির্জা জুলফিকার আলী বেগ ওরফে সেতু (৩৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জুলফিকার যশোর শহরের ঘোপ সেন্ট্রাল সড়কের ইউনুচ আলী বেগের ছেলে। তিনি ১০ বছর সৌদি আরবে ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে অটোরিকশার ব্যবসা শুরু করেন। এ ব্যাপারে গতকাল রোববার দুপুরে ইউনুচ আলী বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জুলফিকারের বন্ধু শাহরিয়ার কবীরের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। রাতেই পুলিশ শাহরিয়ারকে বেজপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, ঘটনার আগের দিন স্থানীয় একটি আবাসিক হোটেলে জুলফিকার ও শাহরিয়ারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরেই শাহরিয়ার লোকজন নিয়ে জুলফিকারকে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।