যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
যশোর বিমানবন্দর সড়কে আতাউর রহমান (৩৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাঁকে গুলি করা হয়। গতকাল রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আতাউর যশোর সদর উপজেলার নূরপুর গ্রামে বসবাস করতেন। তাঁর বাবার নাম ফিরোজ হায়দার। গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়।
পুলিশ ও পথচারীদের কাছ থেকে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে বিমানবন্দর বাইপাস সড়কের পাশে এক ব্যক্তি আর্তনাদ করছিলেন। এ সময় বিমানবন্দর থেকে ইজিবাইক চালিয়ে শহরের দিকে আসার পথে এক ব্যক্তি তাঁকে ইজিবাইকে তুলে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বলেন, আতাউর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর গলায় গুলির চিহ্ন ছিল বলে তাঁরা শুনেছেন। কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ওসি আরও বলেন, পরিবারের সদস্যরা রাজবাড়ীতে লাশ দাফন করা নিয়ে ব্যস্ত আছেন। তাঁদের মানসিক অবস্থা ভালো নয়, সে কারণে তাঁদের সঙ্গে এ ব্যাপারে কথা বলা যায়নি। লাশ দাফন শেষে মামলা করার জন্য পরিবারের লোকজনকে বলা হবে।
আতাউর রহমানের চাচা আবদুল্লাহ আল বাকী প্রথম আলোকে বলেন, ‘কেন এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা বুঝতে পারছি না। আতাউরের স্ত্রী–সন্তান এখন কীভাবে চলবে—এ নিয়ে খুব চিন্তায় আছি।’