
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুস সাত্তারকে অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা। পরে পুলিশ গিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তালা ভেঙে তাঁকে উদ্ধার করে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
এদিকে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের অন্তত ২০টি ওয়ার্ডে বিএনপির সদস্য প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির স্থানীয় নেতারা। উপজেলার হৈবতপুর ইউনিয়নের ১২টি সদস্যপদের মধ্যে চারটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। হত্যার হুমকি দিয়ে বিএনপির প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
যশোর জেলা বিএনপির উদ্যোগে গতকাল যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি ও চূড়ামনকাঠি ইউপির চেয়ারম্যান আবদুস সাত্তার বলেন, সকালে পরিষদে বসে দৈনন্দিন কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান ওরফে মুন্নার নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী পরিষদের ভেতরে ঢুকে কাগজপত্র তছনছ করে।
এ সময় পরিষদের কর্মচারীদের মারধর করে বের করে দেওয়া হয়। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে মেরে ফেলার হুমকি দেয় তারা। কিছুক্ষণ পর পরিষদের গেটের বাইরে থেকে তালা লাগিয়ে সন্ত্রাসীরা চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম তোতন, সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, পুলিশ তালা ভেঙে আবদুস সাত্তারকে উদ্ধার করে। এ ব্যাপারে আবদুল মান্নানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
যশোর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শাহাজান আলী, ৪ নম্বরে মকবুল হোসেন, ৬ নম্বরে ইব্রাহিম হোসেন ও ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্যপদে রিতা রানী এবং চূড়ামনকাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মান্নান হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত।
হৈবতপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্যপদে দুটি মনোনয়নপত্র বিক্রি হয়। পরিষদের বর্তমান সদস্য বিএনপি-সমর্থিত রোকেয়া বেগম এবং রিতা রানী মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। গত মঙ্গলবার রিতা রানীর স্বামী চিত্ত চন্দ্রসহ কয়েকজন রোকেয়ার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে মনোনয়নপত্র ছিনিয়ে নেন।
রোকেয়া বেগম অভিযোগ করেন, ‘স্থানীয় বাজারে আমার ছেলের প্রসাধনের দোকান রয়েছে। রিতা রানীর স্বামী চিত্ত, আওয়ামী লীগ নেতা বাক্কারসহ কয়েকজন আমার ছেলের দোকানে গিয়ে বলে আসেন, “তোর মা যদি নির্বাচনের মনোনয়নপত্র আমাদের কাছে না দেয়, তাহলে তোকে কিন্তু বাজারে উঠতে দেব না।” এরপর তারা বাড়িতে এসে জোর করে আমার মনোনয়নপত্র নিয়ে গেছে।’ এ ব্যাপারে রিতা রানী ও তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
২ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত সদস্য প্রার্থী শামসুর রহমান অভিযোগ করেন ‘আওয়ামী লীগের নেতা মো. বাক্কার ও মিরাজের নেতৃত্বে কয়েকজন বাড়িতে এসে ভয় দেখিয়ে মনোনয়নপত্র নিয়ে গেছে। সকালে আমার ছোট ভাইয়ের দোকানে গিয়ে তারা হুমকি দিয়ে গেছে, মনোনয়নপত্র তাদের কাছে না দিলে আমাদের কাউকে বাজারে উঠতে দিবে না।’
অভিযোগ অস্বীকার করে হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. বাক্কার বলেন, ‘আমি ওসবের কিছুই জানিনে। বিএনপির লোকজন অহেতুক আমার নাম বলছে।’ এ কথা বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, ‘যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে অন্তত ২০টি ওয়ার্ডে বিএনপির সদস্যদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ছাড়া চেয়ারম্যান প্রার্থীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। যে কারণে বিএনপির প্রার্থীরা চরম আতঙ্কের মধ্যে ভোটের মাঠে রয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে হৈবতপুর, কাশিমপুর ও চূড়ামনকাঠি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা এ টি এম শহিদুল ইসলাম বলেন, ‘প্রার্থীদের কেউ কোনো অভিযোগ করেননি।’